স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, মুজিববর্ষেই শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন করে বঙ্গবন্ধুকে জানার সুযোগ পাবে। ইতিমধ্যে সরকার মুজিববর্ষকে সেরাবর্ষ ঘোষণা করেছে। শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরো মনোযোগী হতে হবে। বৃহস্পতিবার দুপুরে যশোরের মনিরামপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। উপজেলা শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওসি রফিকুল ইসলাম, রিসোর্স অফিসার মকবুল হোসেন, সহকারী শিক্ষা অফিসার জহির উদ্দিন, মুন্নী বেগম ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহমেদ শফি প্রমুখ।





