নড়াইলে ক্লিনিকের ছাদ থেকে পড়ে মৃত্যু হলো গৃহবধূর

নড়াইল অফিস ॥ নড়াইলের কালিয়ায় ক্লিনিকের ছাদ থেকে পড়ে স্বপ্না বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে কালিয়া উপজেলা চত্বরে অবস্থিত সার্জিক্যাল ক্লিনিকের ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা সাড়ে সাতটায় মারা যান তিনি। বৃহস্পতিবার দুপুরে নড়াইল সদর হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
পুলিশ জানায়, কালিয়া উপজেলার কুলশুর গ্রামের আসাদ সরদারের মেয়ে ও খুলনা জেলার দিঘলিয়া উপজেলার মহিষদিয়া গ্রামের সোহেল শেখের স্ত্রী স্বপ্না বেগম গত ৬ মার্চ কালিয়া সার্জিকাল ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেন। বুধবার বিকেল চারটার দিকে ক্লিনিকের দোতলার ছাদে শুকাতে দেয়া কাপড় আনতে গেলে কিছুক্ষণের মধ্যে রহস্যজনকভাবে তিনি (স্বপ্না বেগম) ছাদ থেকে ক্লিনিকের সামনের রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। সার্জিকাল ক্লিনিকের মালিক মোতালেব হোসেন বলেন, ‘ঘটনার সময় আমি বাইরে ছিলেন। স্বপ্না সন্তান প্রসবের পরদিন ৭ মার্চ স্বামী সোহাগের সাথে তার কথা কাটাকাটি হয়েছিল বলে জানতে পেরেছি।’ কালিয়া থানা পুলিশের ওসি মো. রফিকুল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। স্বপ্নার ভাই কালিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

ভাগ