লোকসমাজ ডেস্ক॥ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক শেখ রহমত আলীকে করোনাভাইরাস নিয়ে স্ট্যাটাস দেওয়ায় বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন কর্মকর্তা পরিষদের সভাপতি শেখ মুজিবর রহমান। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ পেলেই পরবতী ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজ অফিসে এই ঘটনা ঘটে। আহত শেখ রহমত আলীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । বুধবার বিকেলে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয় তাকে। বর্তমানে মাথায় হালকা ব্যথা আছে তবে পরিপূর্ণভাবে সুস্থ হতে সময় লাগবে বলে জানান তার পরিবার। সজানা যায়, শেখ রহমত আলী তার ফেসবুকে ¯ট্যাটাসে লিখেন, ‘করোনাভাইরাস সম্পর্কে মন্ত্রীদের একেকজনের কথা একেক রকম। প্রকৃত ঘটনা কী?’ এতে ক্ষিপ্ত হয়ে হয়ে খুবি কর্মকর্তা পরিষদ সভাপতি শেখ মুজিবর রহমান রহমত আলীর টেবিলে গিয়ে তাকে সরকার বিরোধী বক্তব্য এবং গুজব ছড়ানোর অভিযোগ এনে বেধড়ক মারধর করেন। রহমত আলী জানান, মারধরের সময় তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন। হঠাৎ এ ঘটনায় হতভম্ব অন্য সহকর্মীরা তাকে রক্ষা করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ব্যাপারে খুবি কর্মকর্তা পরিষদের সভাপতির মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। পরে একাধিক খুদে বার্তা দিলেও তিনি কোনো যোগাযোগ করেননি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, ভুক্তভোগীর কাছ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।





