অগ্নিঝরা মার্চ

মাসুদ রানা বাবু ॥ ১৯৭১ সালের ১২ মার্চ। এইদিনে দেশব্যাপী অসহযোগ আন্দোলন আরও তুঙ্গে ওঠে। স্বাধীনতাকামী পূর্ব পাকিস্তানের মানুষের মুক্তির আকাক্সা ক্রমেই বাড়তে থাকে। সবাই যার যার অবস্থান থেকে স্বাধীনতার প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে, জাতীয় পরিষদ অধিবেশনে যোগ দেয়ার জন্য শেখ মুজিবুর রহমান যে চারটি পূর্বশর্ত আরোপ করেন সে বিষয়ে এদিন পশ্চিম পাকিস্তানের বিশিষ্ট রাজনৈতিক নেতা ও বিশিষ্ট নাগরিকরা সমর্থন জ্ঞাপন করেন এবং পূর্ব পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা দৈনিক পাকিস্তান অবিলম্বে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে সম্পাদকীয় প্রকাশ করে। কালবিলম্ব না করে জনগণের দাবি মেনে নেয়ার কথাও বলা হয়। ইংরেজি দৈনিক ‘দ্য পিপলস’ পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টোর সমালোচনা করে সম্পাদকীয় প্রকাশ করে। এদিন নারায়ণগঞ্জ জেল থেকে ৪০ কয়েদি পালিয়ে যাওয়ার সময় কারারক্ষিদের গুলিতে একজন কয়েদি নিহত হয়। আহত হয় দুই পুলিশ ও ২৫ কয়েদি। রাজশাহী শহরে আরোপিত কারফিউ প্রত্যাহার করা হয়। একইদিনে নিউইয়র্ক প্রবাসী পূর্ব পাকিস্তানের ছাত্ররা জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।

ভাগ