অভয়নগরে নারী পাচার মামলায় ৫ জনের নামে সিআইডি’র চার্জশিট

স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগরের একজন নারী মিল শ্রমিককে ভারতে পাচারের মামলায় ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ইন্সপেক্টর গাজী মো. লুৎফর রহমান এই চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে অভিযুক্তরা হচ্ছেন, অভয়নগরের বাঘুটিয়া গ্রামের শতকত শেখের ছেলে ওহিদুল শেখ সবুজ, মোশারেফ মোল্লার ছেলে তৈমুর মোল্লা, রাজঘাট আদর্শ মুসলিম কলোনীর মৃত ওয়াজেদ আলী মোল্লার ছেলে নাজমুল মোল্লা, শার্শা উপজেলার নারয়ণপুর গ্রামের নুর মোহাম্মদ শেখের স্ত্রী সাহিদা বেগম ও তার ছেলে আজগর আলী শেখ। মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী অভয়নগরের নওয়াপাড়ার আকিজ জুট মিলে শ্রমিকের কাজ করতেন। ২০১৯ সালের ৮ অক্টোবর প্রতিদিনের মতো তিনি মিলে কাজ করতে যান। কিন্তু কাজ শেষে তিনি আর বাড়ি ফিরে আসেননি। এরপর ১০ অক্টোবর দুপুরে ওই নারী ভারত থেকে তার মায়ের কাছে ফোন করেন। এ সময় তিনি তার মাকে জানান যে, সহকর্মী সবুজ তাকে কোমলপানীয় খাওয়ায়। এরপর তিনি অচেতন হয়ে পড়েন। এই অবস্থায় তাকে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে নিয়ে বিক্রি করে দেয়া হয়। পরে এ ওই নারীর মা চারজনকে আসামি করে মানবপাচার দমন আইনে অভয়নগর থানায় একটি মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে সিআইডি তদন্তের দায়িত্ব পায়। তদন্তে উল্লিখিত ৫ জনের বিরুদ্ধে নারী পাচারের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের অভিযুক্ত করে চার্জশিট দেয় সিআইডি পুলিশ।

ভাগ