স্পোর্টস রিপোর্টার॥ যশোরে শুরু হয়েছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ২০২০ এর খুলনা বিভাগীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতা। গতকাল বুধবার যশোর ঈদগাহ ময়দানে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজ খন্দকার মহিদ উদ্দিন বিপিএম। প্রধান অতিথি বলেন, কাবাডি জাতীয় খেলা হলেও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। এটা আমাদের আদি স্বত্তার সাথে জড়িত। প্রতিটি জায়গায় খেলাটি হয় এবং এ খেলার জন্য খুব বেশি আয়োজন দরকার হয় না। মানুষ সহজে খেলাটি উপভোগ করতে পারে। সেই হারানো গৌরব আমরা উদ্ধার করতে চাচ্ছি, এ কারণেই কাবাডি প্রতিযোগিতার আয়োজন। তিনি তরুণ প্রজন্মকে স্ক্রিন নির্ভর না হয়ে খেলাধুলায় এগিয়ে আসা এবং মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং থেকে দূরে থাকার আহবান জানান।

যশোরের পুলিশ সুপার মুহাম্মাদ আশরাফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবীর প্রমুখ। উদ্বোধন শেষে খুলনা জেলা ও চুয়াডাঙ্গা জেলার পুরুষ ও মহিলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় খুলনা বিভাগের ১০ জেলার পুরুষ ও নারী দল অংশ নিচ্ছে। আগামী ২২ মার্চ ফাইনাল খেলার মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ের খেলা শেষ হবে। বিজয়ী দু দলকে এক লাখ টাকা করে পুরষ্কার দেয়া হবে এবং বিজয়ীরা রাজধানী ঢাকায় মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। হোটেল সিটি প্লাজা ইন্টারন্যাশনালের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের ব্যবস্থাপনায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন এ প্রতিযোগিতার আয়োজন করেছে।





