কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ সহকর্মীদের সাথে পিকনিক ভ্রমণে রাজশাহী যাচ্ছিলেন কবির হোসেন (৩৫)। কিন্তু পথেই চলন্ত গাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে রাজশাহী শহরের ১৫/২০ মাইল আগে কোন এক স্থানে। ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের পরিবহন সেক্টরের মৌসুমী শ্রমিক কবির হোসেন উপজেলার বাবরা গ্রামের মৃত আবুল কালামের পুত্র।
পিকনিকে যাওয়া কবিরের সহকর্মীরা জানান, মঙ্গলবার রাত ২ টার দিকে মোচিকের গ্যারেজ সেক্টরের শ্রমিকদের পিকনিকের গাড়িটি কালীগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে রাত ৩ টার দিকে তারা মাঝপথে বিরতি দেয়। সেখানে গাড়িতে থাকা তাদের অনেকেই নিচে নামলেও কবির নামেননি। তাদের ধারনা ছিল কবির হয়ত ঘুমাচ্ছেন। ভোরের আজানের পর রাজশাহী শহরের প্রায় ১৫/২০ কিলোমিটার আগে নামাজের জন্য গাড়িটি আবারো বিরতি দেয়। এ সময় কবিরকে ডাকলে তিনি কোন সাড়া না দেয়ায় তার গায়ে হাত দেওয়া মাত্রই অচেতন অবস্থায় শরীর নেতিয়ে পড়ে। তার এ অবস্থা দেখে সহকর্মীরা পিকনিকের গাড়িটি দ্রুত রাজশাহী মেডিকেলে নিয়ে যান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন। মৃত কবিরের সহকর্মীদের ধারনা চলন্ত গাড়ির মধ্যেই রাতে কোন এক সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটতে পারে। পরে সকালে একটি এ্যাম্বুলেন্সে করে কবিরের লাশ কালীগঞ্জে তার গ্রামের বাড়িতে আনা হয়। এ বিষয়ে মোবারকগঞ্চ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কবির জানান, মিল মাড়াই বন্ধ হবার পর তার প্রতিষ্ঠানের গ্যারেজ শ্রমিকরা পিকনিকে রাজশাহী যাচ্ছিলেন। ওই গাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে কবির মারা গেছেন বলে তিনি জানান।





