করোনা : এপ্রিল পর্যন্ত আ.লীগের বৈঠক-সভা-জনসভা স্থগিত

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের কারণে এপ্রিল পর্যন্ত সব ধরনের বৈঠক, জনসভা ও আলোচনা সভা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান। তিনি বলেন, দেশে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরে এপ্রিল পর্যন্ত সব ধরনের বৈঠক, জনসভা ও আলোচনা সভা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।
তবে ওবায়দুল কাদের জানান, অভ্যন্তরীণভাবে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এ সময় করোনাভাইরাসের মতো কোনো সংবেদনশীল ও মানবিক ইস্যু নিয়ে রাজনীতি না করতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এছাড়া তিনি দলের দুই সংগঠন- আওয়ামী মহিলা লীগ এবং যুব মহিলা লীগকে আগামী জুনের মধ্যে তাদের কাউন্সিল সম্পন্ন করতে বলেন। গত রবিবার বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের কথা জানায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। অবশ্য তাদের মধ্যে দুজন সেরে উঠেছেন বলে বুধবার জানায় সরকারি প্রতিষ্ঠানটি।

ভাগ