আন্তর্জাতিক সংবাদ

করোনায় আক্রান্ত যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী
লোকসমাজ ডেস্ক ॥ করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাডিন ডরিয়েস। বিষয়টি নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই কনজারভেটিভ এমপি। বিবিসি জানায়, ডরিয়েস যুক্তরাজ্যের প্রথম কোনো এমপি যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে যুক্তরাজ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮২ জনে। এরপরই স্বাস্থ্যমন্ত্রীর করোনায় আক্রান্তের খবর আসলো। ডরিয়েস জানান, করোনা ধরা পড়ার পর তিনি সব ধরনের পূর্বসতর্কতামূলক ডাক্তারি পরামর্শ মেনে চলছেন এবং নিজে থেকেই বাসায় বিচ্ছিন্ন অবস্থায় (সেলফ-আইসোলেশন) আছেন। এদিকে ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ জানিয়েছে, ভাইরাস আক্রান্ত পরীক্ষা করার সক্ষমতা বাড়িয়ে চলছে তারা। দিনে ১০ হাজার লোককে পরীক্ষা করতে পারবেন তারা। বর্তমানে দিনে দেড় হাজার লোককে পরীক্ষা করা সম্ভব হচ্ছে।

ইতালিতে করোনায় একদিনে ১৬৮ জনের মৃত্যু
লোকসমাজ ডেস্ক ॥ নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সর্বশেষ ২৪ ঘণ্টায় ইতালিতে ১৬৮ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটির প্রাদুর্ভাবের পর দেশটিতে একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড এটি। দ্য সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়েবসাইটের লাইভ ড্যাশবোর্ড থেকে জানা গেছে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেশটিতে মোট ৬৩১ জনের মৃত্যু হয়েছে। সেরে উঠেছেন ৭২৪ জন। ড্যাশবোর্ডটির রিয়েল-টাইম গ্রাফিক ইনফরমেশন সিস্টেমে (জিআইএস) বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপের বিভিন্ন অধিদপ্তরের ডেটা দিয়ে বলা হয়েছে, কভিড-১৯ ভাইরাসে এখন পর্যন্ত ৪ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৬৫ হাজার ৭৭৬ জন।

২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ ‘পাকা করলেন’ পুতিন
লোকসমাজ ডেস্ক ॥ সংবিধানের আইনি পরিবর্তনে অনুমোদন দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিএনএন, আলজাজিরার খবরে বলা হয়েছে, এই পরিবর্তনের কারণে ২০৩৬ সাল পর্যন্ত রাশিয়ার ক্ষমতায় থাকার পথ পাকা হল পুতিনের। রাশিয়ার আগের সংবিধান অনুযায়ী ২০২৪ সালের পর পুতিন আরেকবার (টানা তিনবার) প্রেসিডেন্ট হতে পারতেন না। রুশ জাতীয় সংসদের নিম্নকক্ষ ‘স্টেট ডুমা’য় ভাষণে পুতিন জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি ‘পরিণত অবস্থায়’ আসলে নির্ধারিত সময়ের আগেও সরে যেতে পারেন। মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের উদাহরণ দিয়ে পুতিন বলেন, দেশের প্রয়োজনে তাকে চারবার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে হয়েছিল। রাশিয়াতেও সেই দুর্যোগময় পরিস্থিতি বিরাজমান বলে মনে করেন তিনি। গত জানুয়ারিতে হঠাৎ রাশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রীসহ গোটা সরকারকে পদত্যাগ করতে নির্দেশ দেন পুতিন। তখনই বোঝা যায় অন্য পরিকল্পনা আছে প্রভাবশালী এই রাজনীতিবিদের।

ভাগ