করোনাতঙ্কে মেসিরাই মাঠে নামতে নারাজ

লোকসমাজ ডেস্ক ॥ করোনাভাইরাস চীন ছেড়ে এখন ব্যাপক তান্ডব চালাচ্ছে ইউরোপে। বিশেষ করে ইতালিতে। পুরো ইতালি এখন অবরূদ্ধ। সে সঙ্গে করোনাভাইরাসের প্রভাব পড়েছে পুরো ইউরোপে। ইতালিজুড়ে তো সব খেলাধুলা বন্ধ ঘোষণা করা হয়েছেই। ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচও স্থগিত করতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবারই স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ ঘোষণা করেছে, আগামী দুই সপ্তাহ স্টেডিয়ামে দর্শক ছাড়াই অনুষ্ঠিত হবে প্রিমেরা লিগা (লা লিগা) এবং সেগুন্ডা ডিভিশনের (দ্বিতীয় বিভাগ) খেলা। স্প্যানিশ লা লিগা প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাস নিশ্চিত করেছেন, স্পেন সরকার যদি চায় এবং তাদেরকে নির্দেশ দেয়, তাহলে পুরো লা লিগাই স্থগিত করে দেয়া হবে। তবে করোনাভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে, তাতেকরে স্প্যানিশ লা লিগার খেলোয়াড়রা দর্শকহীন স্টেডিয়ামে খেলতে ইচ্ছুক নন। প্রায় প্রতিটি ক্লাবের কর্মকর্তা এবং খেলোয়াড়রাই চাচ্ছেন এ অবস্থায় মাঠে না নামতে। অ্যাসোসিয়েশন অব স্প্যানিশ ফুটবলারস (এএফই) এক বিবৃতিতে জানিয়েছে, ‘স্টেডিয়ামে কোনো দর্শক না থাকার অর্থ এই নয় যে, সেখানে কোনো ঝুঁকি নেই।’ তারা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রতি আহ্বান জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের প্রতিটি ম্যাচই স্থগিত করা হোক। এএফই বলেছে, ‘আমরা বুঝতে পারছি যে, বড় জনসমাগম এড়িয়ে চলা উচিৎ। কারণ হচ্ছে ঝুঁকি এড়ানো। কারণ, জনাসমাগম মানেই হরো করোনাভাইরাস ছড়িয়ে পড়া। ফুটবল ম্যাচের সময় মাঠে দর্শক না থাকলে যে করোনা এড়ানো যাবে তা নয়। করোনা ছড়িয়ে পড়তে পারে যে কোনোভাবেই। একই সঙ্গে দর্শকহীন মাঠে ফুটবল খেলার কোনো অর্থই হয় না।’

ভাগ