লোকসমাজ ডেস্ক ॥ সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম নগরে নারীদের জন্য বাস সার্ভিস চালু করেছিলেন। পরের মেয়াদে বিএনপির হয়ে নির্বাচন জিতে সেটা বন্ধ করে দিয়েছিলেন মহিউদ্দিন চৌধুরীর শিষ্য মনজুর আলম। নারীদের সেই বাস সার্ভিস নিরবচ্ছিন্নভাবে চালুর কথা বলে মেয়র হলেও সেটা বাস্তবায়ন করেননি আ জ ম নাছির উদ্দিন। তবে এবার আওয়ামী লীগ-বিএনপির প্রার্থীরা বলছেন, তারা নারীদের চলাচলের সুবিধার্থে নারীদের জন্য মহিউদ্দিন চৌধুরীর সেই বাস সার্ভিস আবারও চালু করবেন। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে (চসিক) আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘নির্বাচিত হলে চট্টগ্রামকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশবান্ধব একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে। চট্টগ্রাম হবে নারীবান্ধব শহর। মহিউদ্দিন চেীধুরী নারীদের জন্য যে আলাদা পরিবহন ব্যবস্থা চালু করেছিলেন তা আবারও চালু করবো।’ বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে বাংলাদেশ যুব মহিলা লীগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মেয়র নির্বাচিত হলে নগরবাসীর জন্য ‘সর্বোচ্চটা’ করবেন জানিয়ে রেজাউল করিম বলেন, ‘মহিউদ্দিন চৌধুরী আমাদের চট্টগ্রামের দাবি আদায় শিখিয়েছেন। চট্টগ্রাম শহরকে কীভাবে সাজাতে হয় তা উনি দেখিয়েছেন। উনার সময় চট্টগ্রাম সারা দেশে মডেল শহর ছিল, আমি উনার পথে হাঁটব। চট্টগ্রামকে আবার সেই মডেল সিটি হিসেবে গড়তে চাই।’ এদিকে মুখে মহিউদ্দিন চৌধুরীর নাম না নিলেও বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন বলেছেন, ‘আগে চট্টগ্রামে নারীদের জন্য আলাদা যে বাস সার্ভিস ছিল নির্বাচিত হলে তা আবারও চালু করবো। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেব, যাতে রাত ১২টার সময়েও একজন নারী নিরাপদে তার বাসায় যেতে পারেন।’ বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নগরের বহদ্দারহাটে নির্বাচনী প্রচারে এসে তিনি এসব কথা বলেন। শাহাদাত হোসেন বলেন, ‘আমি চট্টগ্রামকে সুন্দর স্মার্ট নগরী পরিণত করতে ভোট যুদ্ধে নেমেছি। আমরা জয়ের জন্যই মাঠে নেমেছি। ভোট যুদ্ধে জয়ী হয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করব ইনশাল্লাহ। নগরীর বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি প্রশাসনের লোকজন আমাদের নেতাকর্মীদের ওপর বিমাতাসুলভ আচরণ করছে। ভোটের মাঠে সবাইকে সমান সুযোগ করে দিতে ইসির প্রতি আহ্বান জানাচ্ছি।’





