তালিকা থেকে বাদ পড়া সৌম্যই রয়েছেন ‘এ’ প্লাস ক্যাটাগরিতে

লোকসমাজ ডেস্ক॥ সৌম্য সরকার নিজেকে সৌভাগ্যবান ভাবতেই পারেন। প্রথমে বিসিবির ১৬ ক্রিকেটারের চুক্তির আওতায় না থাকলেও, পরে ১৭ নম্বর ক্রিকেটার হিসেবে চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েও শেষ পর্যন্ত ‘এ’ প্লাস ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন এ বাঁ-হাতি ব্যাটসম্যান। আগেই জানা ১৭ নম্বর সদস্য হিসেবে সাদা বলে চুক্তির আওতায় এসেছেন সৌম্য। এখন সাদা বলে যে দু’জন মাত্র ক্রিকেটার ‘এ’ প্লাস ক্যাটাগরিতে স্থান পেয়েছেন, তারমধ্যে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে আছেন সৌম্যও।
এছাড়া দুজন মাত্র ক্রিকেটার লাল ও সাদা বলে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন। তারা হলেন, তামিম ইকবাল আর মুশফিকুর রহীম। এই দু’জন মাত্র ক্রিকেটার লাল ও সাদা বলে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে বেতন পাবেন। এর বাইরে টেস্ট অধিনায়ক মুমিনুল হক আছেন লাল বলের ‘এ’ ক্যাটাগরিতে। লাল ও সাদা বলের কোন ক্রিকেটার ‘এ’ ক্যাটগরিতেও নেই। টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস আর অফস্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লাল ও সাদা দুই বলেই ‘বি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন। এর বাইরে বাঁ-হাতি স্পিনার তাইজুল লাল বলে ‘বি’ ক্যাটাগরি আর সাদা বলে ‘ডি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন। মোহাম্মদ মিঠুন লাল বলে ‘ডি’ ক্যাটাগরিতে বেতন পাবেন। তবে সাদা বলে তার জায়গা হয়েছে ‘সি’ ক্যাটাগরিতে। বাঁ-হাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে লাল ও সাদা দুই বলেই ‘ডি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এ ছাড়া অফ স্পিনার নাঈম হাসান আর দুই পেসার আবু জায়েদ রাহী ও ইবাদত হোসেন তিনজনই লাল বলে ‘ডি’ ক্যাটাগরিতে। অন্যদিকে বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান সাদা বলে একমাত্র ক্রিকেটার হিসেবে ‘বি’ ক্যাটাগরিতে আছেন। সীমিত ওভারের অপর পারফরমার সাইফউদ্দীন ‘সি’ ক্যাটাগরি এবং দুই তরুণ আফিফ হোসেন ধ্রুব আর নাঈম শেখকে রাখা হয়েছে সাদা বলের ‘ডি’ ক্যাটাগরিতে।

ভাগ