পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতের ১৫টি অভিযোগের মধ্যে ৫টির সত্যতা পায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষ অধিদপ্তর। এরই প্রেক্ষিতে গত ১ মার্চ অধ্যক্ষ মো. রবিউল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আদেশ জারি হয়। আদেশে অধ্যক্ষ রবিউল ইসলামের বিরুদ্ধে আইনানুগ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য গভর্নিং বডিকে নির্দেশনা প্রদান করে মন্ত্রণালয়।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রবিউল ইসলামের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় অনিয়ম দুর্নীতি ও অর্থ আতœসাতসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন কলেজটির সহযোগী অধ্যাপক শিক্ষক প্রতিনিধি সেখ রুহুল কুদ্দুস ও সহকারী অধ্যাপক সুধাংশ কুমার মন্ডল। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উপ-পরিচালক (কলেজ) এস কে মোস্তাফিজুর রহমান অভিযোগের তদন্ত করেন। তদন্তে ১৫টি অভিযোগের মধ্যে ৫টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয় অধ্যক্ষ রবিউল ইসলামের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে আদেশ জারি করে।




