শার্শা (যশোর) সংবাদদাতা ॥ সোমবার ভারতে দোল পূর্ণিমা উৎসবের সরকারি ছুটি থাকায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে কোন আমদানি রফতানি হয়নি। তবে কাস্টমস এর কার্যক্রমসহ পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন দোলযাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি ধর্মীয় উৎসব। বসন্তের এই উৎসবটি হোলি নামে পরিচিত। অশুভ শক্তির বিনাশ হিসেবে হোলি উৎসব হয়ে থাকে প্রতি বছর। এই উৎসবের কারণে আমদানি রফতানি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত যেমন সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাক চালকরা নিজ নিজ ধর্মের এ উৎসব পালন করছে। বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার নাশিদুল হক বলেন, ভারতে হোলি উৎসব উপলক্ষে পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা সোমবার আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রেখেছে। ফলে সকাল থেকে এ পথে আমাদিন রফতানি হয়নি। তবে বেনাপোল বন্দরের পণ্য খালাস ও কাস্টমস হাউজের শুল্কায়ন এর কার্যক্রম স্বাভাবিক ভাবে চলেছে।





