স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে ছিন্নমূল পরিবারের বসতবাড়ি দখল করাকে কেন্দ্র করে বিবদমান পরিস্থিতির সমাধান হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের নির্দেশে রবিবার দুপুরে থানায় দুই পক্ষের উপস্থিতিতে এ ঘটনার সমাধান হয়। সে অনুযায়ী এক সপ্তাহের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতা পবিত্র বিশ্বাস ওই বসতবাড়ি ফিরিয়ে দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি রফিকুল ইসলাম।
জানা যায়, ভবদহের টেকা নদীর তীরে ১৫ শতক খাস জমিতে ব্রিটিশ আমল থেকে বংশানুক্রমে পাঁচাকড়ি গ্রামের রমেশ মল্লিক, সুফেন মল্লিক, উর্মিলা মল্লিক ও দিলু মল্লিকসহ ছিন্নমূল বেশ কয়েকটি পরিবার বসবাস করে আসছে। গত ২ ফেব্রুয়ারি রাতে পাঁচাকড়ি গ্রামের হরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ঘের মালিক পবিত্র বিশ্বাস তার দলবল নিয়ে সুফেন মল্লিকের বসতবাড়ি দখল করেন। এর প্রতিবাদে সেই থেকে এলাকাবাসী আন্দোলন করে আসছেন। একপর্যায়ে স্থানীয় সংসদ সদস্য পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য ছিন্নমূলদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এ নিয়ে দৈনিক লোকসমাজসহ বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয়। অবশেষে প্রতিমন্ত্রীর নির্দেশে বিবদমান পরিস্থিতি নিয়ে রবিবার দুপুরে থানায় ডাকা হয় দুই পক্ষকে। এ সময় ওসি রফিকুল ইসলামের মধ্যস্থতায় উপস্থিত ছিলেন ছিন্নমূল পরিবারের পক্ষে রমেশ মল্লিক, হরিচাঁদ মল্লিক ও তার পরিবাবর্গ এবং দখলকারী পবিত্র বিশ্বাস ও তার লোকজন। এছাড়াও উপস্থিত ছিলেন নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, জেলা পরিষদ সদস্য ফারুক হোসেন। এ ব্যাপারে থানার ওসি রফিকুল ইসলাম এবং নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহল আমিন জানান, দীর্ঘ আলোচনার পর উভয়পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতা হয়েছে। সে অনুযায়ী এক সপ্তাহের মধ্যে পবিত্র বিশ্বাস ছিন্নমূলদের ওই বসতবাড়ি ফিরিয়ে দেবেন। আর এ সন্তোষজনক সমাধান হওয়ায় ছিন্নমূল পরিবারের পক্ষে রমেশ মল্লিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী, প্রশাসন, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সাংবাদিকদের প্রতি।



