লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার মাধ্যমে সরকার জনগণের আস্থা হারিয়েছে। জনগণ এখন আর এ সরকারকে বিশ্বাস করে না। তারা নির্বাচনের পরিবেশ ফিরে পেলে ধানের শীষেই ভোট দেবে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, সতর্ক থাকুন বিজয় আমাদের সুনিশ্চিত। রোববার নির্বাচনী প্রচারণার অষ্টম দিনে গণসংযোগ শেষে নেতাকর্মীদের উদ্দেশে তিনি একথা বলেন।
এদিন দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি গ্রীন রোড স্টাফ কোয়ার্টার, কলাবাগান প্রথম লেন, বশির উদ্দিন রোড, ডরমেটরি মসজিদ এলাকা, কাঁঠালবাগান, ফ্রি স্কুল স্ট্রিটসহ নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি সাধারণ ভোটার, মসজিদের মুসল্লি ও দোকানিসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং আগামী ২১ মার্চ তাদের কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিতে আহ্বান জানান। গণসংযোগ শেষে বাংলামোটরের হক টাওয়ারের সামনে এক পথসভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সরকার নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করেছে। যে কারণে এ সরকারের প্রতি মানুষের আস্থা নেই। গণসংযোগে জনসাধারণ বলেছে ভোট দেয়ার সুযোগ পেলে ধানের শীষেই ভোট দেবেন তারা। আমরা রাজপথে থাকলে সরকার জনগণের রায়কে ছিনিয়ে নিতে পারবে না। এর আগে সকালে রাজধানীর ধানমন্ডি ভিকারুননিসা নুন স্কুলের সামনে থেকে শুরু করে নির্বাচনী এলাকার বিভিন্ন স্কুলের সামনে অভিভাবকদের মধ্যে লিফলেট বিতরণ করেন তিনি।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমার দল বিএনপি, জনগণের ওপর আস্থা রাখে। আমিও জনগণের ওপর আস্থা রাখি। তাদেরকে ভোট কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করছি। তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে বলছি। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সংসদে গিয়ে জনগণের যথাযথ প্রতিনিধিত্ব করব বলে আশ্বস্ত করেছি। প্রচারণাকালে বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম রবির সঙ্গে ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন সৈকত, শ্রমিক দলের সভাপতি আবু কাওছার, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার পাটোয়ারীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





