মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলায় স্ত্রীর দায়ের কোপে নিহত হয়েছেন স্বামী। নিহতের নাম মো. তরিকুল ইসলাম (৩৫)। শহরতলীর পৌরসভাধীন বটতলার মুন্সিপাড়া এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। শুক্রবার রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী হীরার দায়ের কোপে আহত হন তরিকুল। শনিবার সকাল ১০ টায় খুলনার গাজী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোংলা থানার সেকেন্ড অফিসার এস আই মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের স্বজন, এলাকাবাসী ও পুলিশ জানান, শুক্রবার রাত ১১ টার দিকে তরিকুল তার বাড়িতে ফিরলে স্ত্রীর সঙ্গে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে স্ত্রী ‘দা’ দিয়ে স্বামী তরিকুলকে আঘাত করেন। পরে তরিকুলের চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত ৩ টার দিকে তাকে খুলনার গাজী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে তরিকুল মারা যান। ঘটনার পর থেকে স্ত্রী হীরা পলাতক রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।




