কাজল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে লোহাগড়া একাদশ চ্যাম্পিয়ন

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়ায় ১৬ দলীয় কাজল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকদের সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১২টায় লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় মাঠে ১৬ দলীয় কাজল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা শুরু হয়। ২০ ওভারের এ খেলায় ৫৮ রানে লোহাগড়া ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। লক্ষীপাশা ক্রিকেট একাদশ রানারআপ হয়। খেলায় প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের অফিসার্স কল্যাণ সমিতির যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান। খেলায় মো. সাজ্জাদ হোসেন ম্যান অব দ্য ম্যাচ এবং রাজু ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন। খেলা শেষে প্রধান অতিথির কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন লোহাগড়া ক্রিকেট একাদশের পল্লব। রানারআপ ট্রফি গ্রহণ করেন লক্ষীপাশা ক্রিকেট একাদশের মো. সাইফুল্লাহ মামুন। প্রয়াত সৈয়দ নিয়ামুল কবির কাজলের বন্ধু মহল টুর্নামেন্টের আয়োজন করে।

ভাগ