নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বেনাপোল চেকপোস্ট সোনালী ব্যাংকে ভ্রমণকর পেপার না থাকায় এ বন্দর দিয়ে ভারতে গমনকারী পাসপোর্ট যাত্রীরা ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন। বেনাপোল আন্তজার্তিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৭ হাজার থেকে ৮ হাজার পাসপোর্ট যাত্রী ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত করে থাকেন। এর মধ্যে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৪ হাজার যাত্রী বেনাপোল চেকপোস্ট সোনালী ব্যাংক থেকে ভ্রমণকর সংগ্রহ করে ভারতে গমন করেন। অনলাইনে ভ্রমণকর পরিশোধের সিস্টেম চালু করা হলেও অধিকাংশ যাত্রীই বেনাপোল সোনালী ব্যাংক থেকে ভ্রমণকর সংগ্রহ করে থাকেন। বেনাপোল সোনালী ব্যাংক থেকে অন্য সময়ে ম্যানুয়াল পদ্ধতিকে ভ্রমণকর সংগ্রহে সমস্যা না হলেও বর্তমানে ব্যাংকে ভ্রমণকর পেপার না থাকার কারণে বিপাকে পড়েছেন পাসপোর্ট যাত্রীরা। সারারাত বাস বা ট্রেনে আসার পর কান্ত শরীরে বেনাপোল চেকপোস্টে ভ্রমণকর সংগ্রহের জন্য তাদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও শিশু যাত্রীরা। কেউ কেউ অসুস্থ হয়ে ফিরে যাচ্ছেন। ভারত ভ্রমণে যাওয়া সমর সাহা নামে এক পাসপোর্ট যাত্রী বলেন, তিনি সকাল আটটার সময় বেনাপোল চেকপোস্টে এসে পৌঁছেছেন। লাইনে দাঁড়িয়ে ভ্রমণকর সংগ্রহ করতে তার দু ঘন্টা সময় লেগেছে। ব্যাংকের বুথে ভ্রমণকর পেপার না থাকায় তিনি টিআর চালানের মাধ্যমে ভ্রমণকর পরিশোধ করেছেন। এভাবে শ শ যাত্রীকে প্রতিদিন ভ্রমণকর সংগ্রহ করতে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে।
এ ব্যাপারে বেনাপোল সোনালী ব্যাংকের ব্যবস্থাপক রাকিবুল হাসান জানান, অনলাইনে ভ্রমণকর সংগ্রহের ব্যবস্থা চালু করা হয়েছে। তবে আমাদের এখানে প্রিন্টার না থাকা ও অনলাইনে ম্যাসেজ দেখার কোন ব্যবস্থা না থাকার কারণে যাত্রীরা অনলাইনে ভ্রমণকর পরিশোধ করার প্রতি আগ্রহী হচ্ছেন না। তাছাড়া গত কয়েকদিন ধরে বেনাপোল ব্যাংকে ভ্রমণকর পেপার না থাকায় টিআর চালানের মাধ্যমে ভ্রমণকর নিতে হচ্ছে। টিআর চালানের মাধ্যমে ভ্রমণকর নিতে সময় লাগছে অনেক। যে কারণে যাত্রীরা একটু হয়রানির শিকার হচ্ছেন। ভ্রমণকর পেপার আসলে সমস্যা সমাধান হয়ে যাবে।





