পাইকগাছায় স্বামী-স্ত্রীসহ ৭ জনকে কুপিয়ে জখম

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা উপজেলায় দখলকারী চিংড়ি ঘের মালিকদের হাত থেকে সম্পত্তি উদ্ধার করতে গিয়ে স্বামী, স্ত্রী ও কন্যাসহ ৭ জন জখম হয়েছেন। প্রতিপক্ষরা তাদেরকে কুপিয়ে জখম করেছে। মামলার বিবরণে জানা যায়, গত শুক্রবার রাত আটটার দিকে পাইকগাছার শামুকপোতা মৌজায় মিলন সরকারকে ঘের মালিকের লোকজন অতর্কিত আক্রমন করে। সংবাদ পেয়ে মিলনের স্ত্রী শান্তি রাণী ও কন্যা সারতী সরকারসহ কয়েকজন ঘটনাস্থলে যান। এ সময় ঘের মালিক গোলাম মোস্তফার লোকেরা ধারালো দা ও কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ৭ জনকে। আহতদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মিলনের ভাই অযোদ্ধা সরকার জানান, এলাকাবাসী ওই ঘের থেকে প্রায় দেড় শ বিঘা জমি উদ্ধার করায় প্রতিপক্ষরা হামলা চালিয়েছে। এ ঘটনায় ৮ জনকে আসামি করে পাইকগাছা থানায় মামলা হয়েছে। এ ব্যাপারে প্রতিপক্ষ সুব্রত জানান, উভয়পক্ষের মধ্যে মারামারি হয়েছে। তারাও মামলার প্রস্তুতি নিচ্ছেন। থানা পুলিশের ওসি এমদাদুল হক শেখ জানান, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ভাগ