যশোরে ই-কমার্স ডাক মেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ ই-কমার্স কার্যক্রমকে সম্প্রসারণের লক্ষ্যে যশোরে দিনব্যাপী ই-কমার্স ডাক মেলার আয়োজন করা হয়। শনিবার সকাল ১১ টায় শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে এ মেলার উদ্বোধন করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম অ্যাডভোকেট। উদ্বোধনী অনুষ্ঠানে ই-ক্যাবের সভাপতি শমি কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন, ডিজিকনের ম্যানেজিং ডিরেক্টর ওয়াহিদুর রহমান শরীফ, ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট শাহাব উদ্দীন, ডিরেক্টর জিয়া আশরাফ, ডাক বিভাগের অতিরিক্ত পোস্ট মাস্টার জেনারেল আহাদ আলী, যশোর প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার শাহ আলম প্রমুখ। মেলায় খ্যাতনামা বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান ও ডাক বিভাগ ৪০ টি স্টল দেয়। আয়োজকরা জানান, দিন দিন ই-কমার্সের ওপর মানুষের নির্ভরশীলতা বাড়ছে। সে কারণে ই-কমার্স কার্যক্রমকে আরও সম্প্রসারণ করতে দেশের ৮ বিভাগেই মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় দেশের সব প্রান্তের মানুষকে ই-কমার্স সাইটগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা চলছে। একই সাথে ই-কমার্সের পণ্য কুরিয়ার সার্ভিসের পাশাপাশি ডাক বিভাগও দ্রুত ও নিশ্চয়তার সাথে ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে আশ্বস্ত করা হয়। মেলার জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত হন। এসময় তারা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ই-কমার্স ডাক মেলা সম্পর্কে ধারণা নেন। মেলা চলাকালে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের মূল মঞ্চে ই-কমার্স ডাক মেলার ওপর নতুন ও পুরাতন উদ্যোক্তাদের নিয়ে একাধিক সেমিনার অনুষ্ঠিত হয়। এসব সেমিনারে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ উদ্যোক্তা অংশ নেন। সবশেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

ভাগ