তৃপ্ত ‘অধিনায়ক’ মাশরাফী
স্পোর্টস ডেস্ক॥ বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব অধ্যায় শেষ করার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তৃপ্তির কথাই জানালেন মাশরাফী বিন মোর্ত্তজা। তার এই তৃপ্তি, দলকে একটা ভালো অবস্থানে দাঁড় করানোর। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে শেষ বারের মতো অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন মাশরাফী। ম্যাচটা বৃষ্টি আইনে ১২৩ রানের বড় ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। এই জয়ে অধিনায়ক হিসেবে ৫০তম ওয়ানডে জয়ের মাইলফলক ছুঁয়েছেন মাশরাফী। যে মাইলফলক গড়েই অধিনায়ক হিসেবে অবসরে গেলেন। সিলেটে মাশরাফীর বিদায়ী ম্যাচ নিয়ে যেমন আগ্রহ ছিল, তেমন আগ্রহ ছিল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন নিয়েও। মাশরাফী সংবাদ সম্মেলনে আসতেই প্রশ্ন করা হলো, ‘কেমন লাগছে?’ টাইগার অধিনায়কের উত্তর, ‘অসম্ভব ভালো।’ এই ভালো লাগার কারণ জানতে চাইতেই জানালেন, ‘কারণ দল জিতেছে। শেষ হলো আমার, এই জন্য (হেসে)।’ মাশরাফীর এই হাসি বলছিল, বেশ নির্ভার তিনি। তাই জানতে চাওয়া রিলাক্স লাগছে? মাশরাফী বলেন, ‘একটা কাজ তো কমে গেল। অনেক বড় দায়িত্ব ছিল। এই সময়ে কারো ভালো লাগে, কারো খারাপ লাগে। অবশ্যই আমারও মিশ্র দুটি অনুভূতিই হচ্ছে।’ মাশরাফী যোগ করেন, ‘সত্যি বলতে কী, নিজের কাছে ভালো লাগছে। অধিনায়ক হিসেবে একটা ভালো জায়গায় শেষ করতে পেরেছি। আর জিতেও শেষ হয়েছে।’
নারী বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ভারত
স্পোর্টস ডেস্ক॥ নারী বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। এর আগে বিশ্বকাপের উদ্বোধনী ও নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল দেশ দু’টি। সে ম্যাচে ভারতের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। ঘটনাচক্রে ফাইনালেও দুই দলই মুখোমুখি হতে চলেছে। অজিদের সামনে একদিকে দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের হাতছানি, অপর দিকে প্রথম ম্যাচের বদলা নেয়ার সুযোগ। রোববার স্থানীয় সময় দুপুর ১টায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বৃষ্টির কারণে নারী বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ মাঠেই গড়াতে পারেনি। ফলে পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকায় বাদ পড়ে যায় ইংল্যান্ড।এদিকে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় বিশ্বকাপের ফাইনালে চলে যায় ভারত। আবার সেই বৃষ্টির কারণে ২য় ফাইনালও বিঘিœত হয়। ফলে বৃষ্টি আইনে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫ রানে হারিয়ে ফাইনালে ওটে স্বাগতিক অস্ট্রেলিয়া। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড বইয়ে ভারতের চেয়ে অনেকটা এগিয়ে অস্ট্রলিয়া। মোট চারবার এই ফরম্যাটে বিশ্বসেরা হওয়ার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার। গত আসরে শেষচার পর্যন্ত গিয়েছিলেন ভারতের মেয়েরা।
ব্রাজিল দলে ফিরলেন নেইমার
স্পোর্টস ডেস্ক॥ ইনজুরির কারণে গত বছরের শেষ সময় থেকে ব্রাজিল দলের বাইরে ছিলেন নেইমার। চোট কাটিয়ে পিএসজির জার্সিতে এখন নিয়মিত তিনি। এবার জাতীয় দলের জার্সিতেও দেখা যাবে তাকে। নেইমারকে রেখেই শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়া ও পেরুর বিপক্ষে ম্যাচের দল ঘোষণা করেছেন কোচ তিতে। তবে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোর জায়গা হয়নি দলে। ইনজুরির কারণে নেই লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার। তার পরিবর্তে ২৭ মার্চ ও ৩১ মার্চ হতে যাওয়া ম্যাচ দুটিতে দেখা যাবে ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসনকে। কোপা আমেরিকার ফাইনালে লাল কার্ড দেখা গ্যাব্রিয়েল জেসুস বলিভিয়ার বিপক্ষে খেলতে পারবেন না। এরপরও তিতে তাকে দলে রেখেছেন। কোপা লিবার্তোদোরেস চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো থেকে তিনজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। মিডফিল্ডার এভারটন রিবেইরো, স্ট্রাইকার ব্র“নো হেনরিক ও গ্যাব্রিয়েল বারবোসাকে দলে ডেকেছেন তিতে।
২৫ বছরের ক্যারিয়ারে ইতি টানলেন ভারতের ওয়াসিম জাফর
স্পোর্টস ডেস্ক॥ আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার তেমন সমৃদ্ধ না হলেও ভারতের ঘরোয়া ক্রিকেটে তার অবস্থান কিংবদন্তিতুল্য। ঘরোয়া ক্রিকেটে তার নামের পাশা রান আর আর। ২৫ বছরের পেশাদারি ক্যারিয়ারে দাঁড়ি টানতে টানলে তিনি। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রঞ্জি ট্রফির সবচেয়ে সেরা ব্যাটসম্যান ওয়াসিম জাফর। শনিবার অবসরের ঘোষণা দেন ৪২ বছর বয়সী ওয়াসিম। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে ঈর্ষণীয় সাফল্যে ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন এই ওপেনিং ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটে ওয়াসিম খেলেছেন ২৬০ টি ম্যাচ। ৪২১ ইনিংসে করেছেন ১৯৪,১০ রান। সর্বোচ্চ ৩১৪ নটআউট। রয়েছে ৫৭টি সেঞ্চুরি ও ৯১টি হাফ সেঞ্চুরি! সেই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯৯টি ক্যাচ নিয়েছেন মহারাষ্ট্রের এই ক্রিকেটার। ভারতের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতাও আছে ওয়াসিমের। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুম্বাই টেস্ট খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ডানহাতি এই ব্যাটসম্যান। এরপর ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবানে ওডিআই অভিষেক হয় তার।





