স্টাফ রিপোর্টার॥ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথের লড়াকু সৈনিক সাবেক ছাত্রদল নেতা শামীদুল ইন্তিকাল করেছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি শহরের আশ্রম রোড এলাকায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন। যশোর করোনারী কেয়ার ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ শুনে যশোর জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম, বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন মরহুমের বাসভবনে যান। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় কোতয়ালি থানা বিএনপির সভাপতি নুরুন্নবী, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন, যুবদল নেতা তৌহিদুল ইসলাম কুইন প্রমুখ উপস্থিত ছিলেন। জুমাবাদ রেল রোডস্থ সিএন্ডবি কোয়ার্টার মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়।





