মোংলা বন্দরের বিদেশি জাহাজটি করোনামুক্ত

মোংলা প্রতিনিধি॥ মোংলা বন্দরে নোঙর করা ইন্দোনেশিয়া থেকে আসা জাহাজটি করোনামুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার জাহাজটি বন্দরে এলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই জাহাজের তিন ক্রু (নাবিক) অসুস্থের খবর জানাজানি হলে তাদের পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে আজ বৃহস্পতিবার (৫ মার্চ) জানানো হয়, এই তিন নাবিক ও জাহাজটি করোনা ভাইরাসমুক্ত। তবে সাময়িকভাবে জাহাজটির সব কাজ বন্ধ রেখেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘এম ভি সেরিনিটাস এন’ জাহাজটি ইন্দোনেশিয়া থেকে আসে। জাহাজের ওই তিন ক্রু ফিলিপাইনের নাগরিক। ওই জাহাজে ২০ জন বিদেশি নাবিক রয়েছেন।
হারবার মাস্টার বলেন, ‘গত বুধবার (৪ মার্চ) ইন্দোনেশিয়া থেকে ২৪ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে জাহাজটি। সেটি বন্দরের হারবারের ৩ নম্বর মুরিং বয়ায় অবস্থান করে। ওই জাহাজের তিনজন নাবিক হঠাৎ জ্বরে আক্রান্ত হলে তাদের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে তাদের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।’ তিনি আরও বলেন, ‘যেহেতু করোনা ভাইরাস আতঙ্ক দেখা দিয়েছে সেক্ষেত্রে ওই জাহাজ থেকে সকল শ্রমিককে নামিয়ে এনে জাহাজের সকল প্রকার কার্যক্রম বন্ধ রেখেছি। পরিবেশ স্বাভাবিক হলে কাজ শুরু হবে।’ স্বাস্থ্য অধিদফতরের পোর্ট হেলথ কর্মকর্তা ডা. সুফিয়া খাতুন বলেন, ‘জাহাজের তিন ক্রু জ্বরে আক্রান্ত হলে আমরা তাদের পরীক্ষা করি। এসময় তাদের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। তাদের মধ্যে দুজনের জ্বর ভালো হয়ে গেছে এবং একজনের শরীরে ৯৯ দশমিক ৭৭ ডিগ্রি জ্বর রয়েছে, যা খুবই স্বাভাবিক। আতঙ্কের কিছু নেই। তবু তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

ভাগ