‘যারা মানুষ, তারা চায় না মোদি বাংলাদেশে আসুক’

লোকসমাজ ডেস্ক ॥ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, যারা মানুষ, যাদের মধ্যে মানবতা আছে তারা কখনও চাইবে না মোদি বাংলাদেশে আসুক। শুক্রবার (৬ মার্চ) বিকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে নরেন্দ্র মোদির আমন্ত্রণ বাতিলের দাবিতে ১৩ মার্চ শুক্রবার দেশের প্রতিটি থানায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশ মুফতি ফয়জুল করীম বলেন, মোদি বাংলাদেশে আসবে, তা এদেশের মানুষ সহ্য করবে না। মোদিকে আমন্ত্রণ জানানো মানে খুনির পক্ষ নেওয়া। সরকারকে বলবো, মোদির আমন্ত্রণ বাতিল করুন। যারা মানুষ, যাদের মধ্যে মানবতা আছে, তারা চায় না মোদি আসুক। সারাদেশের মানুষ যদি রাস্তায় নেমে আসে মোদি কোনওভাবেই এই দেশে আসতে পারবে না।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সারাবিশ্ব থেকে অতিথিরা আসুক আমাদের আপত্তি নেই। কিন্তু কোনও খুনিকে আমন্ত্রণ জানাবেন না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বের হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর নাইটিংগেল মোড়ে গিয়ে শেষ হয়। ইসলামী আন্দোলনের ঢাকা জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ঢাকা জেলা শাখা সভাপতি সৈয়দ আলী মোস্তফার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, দলটির রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুমসহ আরও অনেকে।

ভাগ