স্টাফ রিপোর্টার॥ সোমবার বিকেলে যশোর দড়াটানা জামে মসজিদে জেলা ফতোয়া বোর্ডের উদ্যোগে ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ শীর্ষক এক ফিকহী সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন যশোর জেলা ফতোয়া বোর্ডের সভাপতি মুফতি মুজিবুর রহমান। সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন মাওলানা জিকরুল্লাহ খাঁন, মুহাদ্দিস ফরিদাবাদ মাদ্রাসা ঢাকা। প্রধান অতিথি তার আলোচনায় বলেন, ইমাম আবু হানিফা ছিলেন উম্মতের শ্রেষ্ঠ ফকীহ ও হাদীস বিশারদ। তিনি কুরআন ও সুন্নাহর যে ব্যাখ্যা পেশ করেছেন তা চির স্মরণীয়, অনুকরণীয় ও গোটা বিশ্বের মুসলমানদের কাছে গ্রহণযোগ্য। লাখো মুহাদ্দিস ও ফকীহ্ তাঁর ফিকহ্ অনুসরণ করেন। যার কারণে সমগ্র মুসলিম বিশ্বে ইমাম আবু হানিফা তথা হানাফী মাযহাবের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন মুফতি লুৎফুর রহমান ফরায়েজী, ঢাকা। তিনি বলেন, মাযহার মানা ব্যতীত সঠিকভাবে কুরআন-সুন্নাহর উপর আমল করা সম্ভব নয়। বিজ্ঞ ইমামগণের ব্যাখ্যা গ্রহণ করা ব্যতীত সকলের পক্ষে কুরআন-হাদিসের সঠিক মর্ম উদ্ঘাটন করা অসম্ভব। মুফতি কামরুল আনোয়ার নাঈমের পরিচালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মুফতি আব্দুল্লাহ, মুফতি হাফিজুর রহমান, মুফতি আব্দুর রশিদ, মুফতি আ্ব্দুর রহমান এযাযী, মুফতি আব্দুর রহিম, মুফতি আখতার হুসাইন, মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি হাবিবুল্লাহ, মুফতি আবু দারদা, মুফতি উবায়দুল্লাহ শাকের, মুফতি মাহবুবুর রহমান, মুফতি আব্দুল হান্নান প্রমুখ।




