মাসুদ রানা বাবু ॥ হাজার বছরের ইতিহাসে বাঙালি তার আত্ম পরিচয় পেল যে মাসে তার নাম মার্চ। ঔপনিবেশিক দুঃশাসনের পাহাড় পেরিয়ে ১৯৪৭ সালে পাকিস্তান নামে বাঙালির ভাগ্যে যা জুটেছে তা ভিন্নরূপে আরেক অপশাসন, নির্যাতন আর বঞ্চনা ছাড়া কিছু নয়। বাঙালী জাতি এই শোষণ, বঞ্চনার হাত থেকে মুক্তি পেতে নেমে পড়ে রাজপথে। দুর্বার আন্দোলন একাত্তরের মার্চে এসে অগ্নিগর্ভ হয়ে ওঠে। অগ্নিঝরা মার্চের তৃতীয় দিন আজ। একাত্তরের এই দিনে ঢাকাসহ পুরো বাংলাদেশ পরিণত হয়েছিল এক বিুব্ধ জনপদে। এর আগেরদিন ওড়ানো হয়েছিল মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। এদিন পাকিস্তানি শাসকদের কার্ফু অগ্রাহ্য করে ঢাকাসহ সর্বত্র অসংখ্য মিছিল হয়। তারা পাকিস্তানের শোষণ-বঞ্চনা নয়, চায় মুক্ত স্বাধীন দেশ। গড়ে তোলে দুর্বার আন্দোলন। বাঙালীর স্বাধীনতার সংগ্রামের এ আন্দোলনের খবর সংবাদপত্রে যাতে প্রকাশিত হতে না পারে সে জন্য সামরিক জান্তা সেন্সরশিপ আরোপ করেছিল ১৯৭১ সালের এদিনে। অগ্নিগর্ভে মার্চে বাঙালীর প্রবল আন্দোলনে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি সামরিক জান্তারা।





