স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. এমএ মজিদের বক্তব্য চলাকালে পুলিশ কর্মসূচি পালনে বাধা দেয় এবং ব্যানার কেড়ে নেয়। ওই সময় কর্মসূচি পালনে অনঢ় বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. এম এ মজিদ অভিযোগ করেন পানি, বিদ্যুৎ ও গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি এই কর্মসূচি পালন করছিল। কিন্তু পুলিশ তাদের কর্মসূচি পালন করতে দেয়নি।





