ঝিনাইদহ সদর হাসপাতালে ৮ সিনিয়র কনসালটেন্টসহ ১৯ পদে চিকিৎসক নেই

আসিফ কাজল, ঝিনাইদহ ॥ চিকিৎসক সংকটের কারণে ঝিনাইদহ সদর হাসপাতলে এখনো জনদুর্ভোগ কমেনি। শত শত রোগী ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। অথচ প্রতিদিন রোগীর চাপ বাড়ছে। বহির্বিভাগে প্রতিদিন প্রায় ১৫শ রোগী চিকিৎসা নিতে আসেন। মুজিববর্ষে সব সেক্টরে উন্নত সেবা নিশ্চিত করার জন্য প্রচার-প্রচারণা চালানো হলেও সদর হাসপাতালে ডাক্তার স্বল্পতা নিরসনে কার্যত কোন পদক্ষেপ নেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের।
তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সদর হাসপাতালে ডাক্তারের ৪০ টি পদের মধ্যে এখনো ১৯ টি পদ খালি রয়েছে। এর মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পদ রয়েছে ৮ টি। স্বাস্থ্য বিভাগের বিশেষ দায়িত্বে থাকা ডা. ইমদাদুল হক জানান, সদর হাসপাতালে সিনিয়র কনসালটেন্টের ৮ টি পদ খালি রয়েছে। এর মধ্যে কার্ডিওলজি, সার্জারি ও ইএনটিসহ ৮ টি পদে কোন সিনিয়র কনসালটেন্ট নেই। তিনি বলেন, হাসপাতালের সেবার মান ও ফ্রি ওষুধ সরবরাহ সন্তোষজনক হলেও একটা জায়গায় আমরা দুর্বল। সেটা হচ্ছে ১৯ টি পদে চিকিৎসক পাচ্ছি না। তিনি বলেন, ঝিনাইদহ সদর হাসপাতালকে মডেল হাসপাতাল বানাতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। সীমিত সম্পদ ও জনবল নিয়ে আমরা রোগীদের সন্তুষ্ট করার চেষ্টা চালাচ্ছি। এদিকে নতুন ২৫০ শয্যার ভাবনটি হস্তান্তর না হওয়ায় রোগীরা মেঝে ও বারান্দায় রাত কাটাচ্ছেন।

ভাগ