স্টাফ রিপোর্টার,(অভয়নগর,যশোর)॥ যশোরের অভয়নগরে শ্রমিকবাহী একটি বাস পুকুরে পড়ে ৩০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার নওয়াপাড়া-পায়রা সড়কের পায়রা ইউনিয়নের আড়পাড়া গ্রামের মহেব মোল্যার পুকুরে বাসটি নিয়ন্ত্রণ হরিয়ে পড়ে যায়। আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক রোজিনা ও নার্গিস বেগম জানান, তারা খুলনার ফুলতলা উপজেলার আইয়ান জুট মিলে শ্রমিকের কাজ করেন। গতকাল সোমবার দুপুরে যশোরের মণিরামপুর উপজেলার মনোহরপুর থেকে প্রায় ৭০ জন শ্রমিক নিয়ে মিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বাস । বেলা আনুমানিক ২টার সময় সড়ক থেকে ছিটকে বাসটি পুকুরে গিয়ে পড়ে। তারা আরও জানান, দূর্ঘটনার সময় বাস চালকের একহাতে সিগারেট অপর হাতে স্টিয়ারিং ধরা ছিল। বার বার নিষেধ করা হলেও সে কারো কথা শোনেনি। চালকের ভুলের কারণে দুর্ঘটনা বলে আহত যাত্রীদের দাবি। হাসপাতাল সূত্র জানায়, আহত শ্রমিকদের বেশিরভাগ নারী শ্রমিক। অধিকাংশ শ্রমিক মণিরামপুর উপজেলার মনোহরপুর, পাঁচাকড়ি, বালিধা গ্রামের। এছাড়া অভয়নগর উপজেলার পায়রা ও কোটা গ্রামেরও কয়েকজন রোগী আছে। মারাত্মক আহত রোগীর সংখ্যা কম। সরেজমিনে গিয়ে দেখা যায়, আইয়ান জুট মিলের শ্রমিকবাহী বাসটি (কুষ্টিয়া জ- ০৪-০০৩৭) পুকুরের মধ্যে উল্টে পড়ে আছে। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসী উদ্ধার কাজ করছে। এসময় চালক ও হেলপারকে খুঁজে পাওয়া যায়নি। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বাসের চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।





