লোকসমাজ ডেস্ক ॥ ঘরের মাঠের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর ওপর আবার বর্তমান চ্যাম্পিয়ন। শিরোপা ছাড়া কিছু ভাবছে না অস্ট্রেলিয়ার মেয়েরা। সেই স্বপ্নের পথে আরেক ধাপ এগিয়ে গেল মেগ ল্যানিংয়ের দল। আজ (সোমবার) নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে ‘এ’ গ্রুপের রানার্স-আপ হিসেবে নিশ্চিত করেছে সেমিফাইনাল। কিন্তু তার আগে তারা খেয়েছে বড় এক ধাক্কা। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছেন অলরাউন্ডার এলিস পেরি। মাত্র ৪ রানের জয়। যদিও ম্যাচের পুরোটা সময় নিয়ন্ত্রণে রেখেছিল অস্ট্রেলিয়ান মেয়েরাই। মেলবোর্নের জংশন পার্কে ২০ ওভারে ৫ উইকেটে স্বাগতিকেরা করে ১৫৫ রান। জবাবে নিউজিল্যান্ড ৭ উইকেট হারিয়ে জমা করতে পারে ১৫১ রান। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২০ রান। শেষ দুই বলে ১০ রান এলেও আগেই যে হেরে বসেছিল কিউইরা।
‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত। ‘বি’ গ্রুপের দুই সেমিফাইনালিস্টও নিশ্চিত। তবে ইংল্যান্ড (৪ ম্যাচে ৬ পয়েন্ট) ও দক্ষিণ আফ্রিকার (৩ ম্যাচে ৬ পয়েন্ট) মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে, সেটি নিশ্চিত না হওয়ায় সেমিফাইনাল লাইনআপ ঠিক হয়নি এখনও। সেমিফাইনালের জন্য ম্যাচটি দুই দলের জন্যই ছিল গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া শেষ হাসি হাসলেও উৎসবটা মধুর হয়নি পেরির চোটে। এবারের প্রতিযোগিতা ভালো যাচ্ছে না এই অলরাউন্ডারের। যদিও অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় অস্ত্র তিনিই। ব্যাট ও বল হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে তাকে পাওয়া যাবে কি না, সেই সংশয় জন্মেছে অস্ট্রেলিয়া ক্যাম্পে। নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের ১১তম ওভারে থ্রো করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে টান লাগলে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়ে যান। মাঝপথে তিনি মাঠ ছাড়লেও অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন জর্জিয়া ওয়ারেহাম। ম্যাচসেরার পুরস্কারজয়ী লেগ স্পিনার ৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ৩ উইকেট। মেগান শাট ২৮ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। তাতে সুবিধা করতে পারেননি নিউজিল্যান্ডের কোনও ব্যাটার। সর্বোচ্চ ৩৭ রান আসে কেটি মার্টিনের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক সোফি ডেভাইন করেন ৩১ রান। এর আগে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের পথে হাফসেঞ্চুরি করেন ওপেনার বেথ মুনি। ৫০ বলে ৬ চার ও ২ ছয়ে খেলেন ৬০ রানের ইনিংস। অধিনায়ক ল্যানিং ২১, পেরি ২১, অ্যাশলে গার্ডনার ২০ ও রাচেল হাইন্স ৮ বলে অপরাজিত থাকেন ১৯ রানে। আনা পিটারসন ৩১ রান দিয়ে নেন ২ উইকেট।





