মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ ঠিকাদারি বিল পরিশোধ বাবদ ঘুষ দিতে রাজি না হওয়ায় মোংলা পৌরসভার এক প্রকৌশলীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন মো. কামাল হোসেন ওরফে হাজী কামাল নামে পৌরসভার একজন ঠিকাদার। রবিবার সকালে পৌরসভার প্রকৌশলীর কক্ষে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে ঠিকাদার মহলে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ঠিকাদারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
থানায় দেয়া অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মোংলা পোর্ট পৌরসভার অধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌরসভার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইলিয়াস এন্টারপ্রাইজের আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের বিল বাবদ ১০ লাখ ৯ হাজার টাকা ও অতিরিক্ত কাজের এক লাখ ২০ হাজার টাকা বকেয়া বিল পাওনা হয়। দীর্ঘদিন ধরে এ বিল পরিশোধ বাবদ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন ভূঁইয়া ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক কামাল হোসেন ওরফে হাজী কামালের কাছে মোটা অংকের টাকা উৎকোচ দাবি করে আসছিলেন। রবিবার সকাল ১০ টার দিকে ঠিকাদার পৌরসভার প্রকৌশলীর কক্ষে গিয়ে বকেয়া বিল পরিশোধের অনুরোধ করলে তিনি পুনরায় উৎকোচ দাবি করেন। উৎকোচ দিতে রাজি না হলে তর্ক-বিতর্কের একপর্যায়ে উপ-সহকারী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন ভূঁইয়া তার কয়েকজন সহযোগী নিয়ে ঠিকাদারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং গায়ের জামা ছিড়ে ফেলেন। একপর্যায়ে ঠিকাদারের কাছ থেকে টাকাও ছিনিয়ে নেন। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে ঠিকাদারদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় ঠিকাদার কামাল হোসেন মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধূরী জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





