স্টাফ রিপোর্টার ॥ যশোর সরকারি এম এম কলেজে পুলিশের বিশেষ শাখার কনস্টেবল মো. তৌহিদ সিকদারকে মারধরের মামলায় আটক ছাত্রের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আটক আক্তারুজ্জামান দর্শন বিভাগের মাস্টার্সের শেষ বর্ষের ছাত্র ও ছাত্রলীগ কর্মী। রবিবার এ সংক্রান্ত শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম তার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ আদালতে তার ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলো। আক্তারুজ্জামান মাগুরার শালিখা উপজেলার পাথরঘাটা গ্রামের রায়হান মোল্যার ছেলে। এম এম কলেজের আসাদ হলে তিনি থাকেন। গত ২৫ ফেব্রুয়ারি পুলিশ তাকেসহ হামলার সাথে জড়িত ৭ জনকে আটক করে। মারধরের ঘটনায় আহত পুলিশ কনস্টেবল মো. তৌহিদ সিদকার ১২ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেছিলেন। উল্লেখ্য, এম এম কলেজের আসাদ হলের সামনে তল্লাশির সময় একজন ছাত্রের কাছে অস্ত্র দেখতে পান পুলিশের বিশেষ শাখার কনস্টেবল মো. তৌহিদ সিকদার। তিনি ওই ছাত্রকে আটকের চেষ্টাকালে আচমকা ছাত্রলীগের ৩০-৪০ জন কর্মী এসে তাকে মারধর করে।





