নওয়াপাড়া পৌর যুব মহিলা লীগ সভাপতির বিরুদ্ধে সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর যুব মহিলা লীগের সভাপতি মিনারা পারভীনের বিরুদ্ধে প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে পৌরসভার চেঙ্গুটিয়া বাজারে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। স্কুলের শিক্ষার্থীদের দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হায়দার। এ সময় বক্তব্য রাখেন প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার বাবুল আক্তার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিলন, পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল গফ্ফার বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান আকরাম হোসেন গাজী, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মোল্লা, শেখ নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবুল হোসেন। সমাবেশে বক্তারা বলেন, মিনারা পারভীন নওয়াপাড়া পৌর যুব মহিলা লীগের সভাপতি ও অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হলেও তিনি আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশকারী একজন হাইব্রিড নেতা। তার অত্যাচারে চেঙ্গুটিয়া এলাকার অসংখ্য সংখ্যালঘু পরিবার অতিষ্ঠ। সংখ্যালঘুদের পুকুর ও জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অভয়নগরের পাপিয়ার (মিনারা পারভীন) বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

ভাগ