ভারত থেকে পেঁয়াজ আমদানি ১০ মার্চ শুরু হতে পারে

লোকসমাজ ডেস্ক॥ পাঁচ মাস বন্ধ থাকার পর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও এখনো এ সংক্রান্ত নির্দেশনা জারি করেনি ভারত। এর ফলে বন্দরের আমদানিকারকরা এলসি ওপেন করতে পারেনি তেমনি হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানিও শুরু হয়নি। তবে আগামী ৯ মার্চ এ সংক্রান্ত নোটিফিকেশন জারি হবে বলে ভারতীয় রপ্তানিকারকেরা বন্দরের আমদানিকারকদের জানিয়েছেন। সে েেত্র এর পরদিন ১০ মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে বলে আমদানিকারকরা জানিয়েছেন। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন ও মাহফুজার রহমান বাবু বলেন, ভারতের বিভিন্ন অঞ্চলে পেঁয়াজের উৎপাদন ভালো হওয়ায় এবং পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমেছে। এমন অবস্থায় গত বুধবার ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় রাতেই সেই বিষয়টি ভারতীয় রপ্তানিকারকেরা আমাদের জানিয়েছেন। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও এখন পর্যন্ত কোন নোটিফিকেশন জারি করেনি ভারত।
গত বৃহস্পতি ও শুক্রবার নোটিফিকেশন জারি হওয়ার কথা ছিল কিন্তু তা করা হয়নি। গতকাল রবিবার ছুটির দিন হওয়ায় হয়নি। আগামী ৮ তারিখে ভারতে দোলযাত্রা (হোলি) উৎসব রয়েছে, সেই উৎসবের পর ৯ মার্চ এ সংক্রান্ত নোটিফিকেশন জারি হতে পারে বলে ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। সেই নোটিফিকেশনে কত ডলারে ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে, কত ডলারে এলসি খুলতে হবে এ সংক্রান্ত নির্দেশনা থাকবে ওই নোটিফিকেশনে। এটি পাওয়ার পর আমদানিকারকেরা এলসি খোলা শুরু করবেন। এরপর ১০ মার্চ থেকে বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে। আর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দেশের বাজারে পেঁয়াজের মূল্যের যে ঊর্ধ্বমুখী অবস্থা রয়েছে সেটি কমে আসবে। প্রসঙ্গত, অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও দাম বৃদ্ধির অজুহাত গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি একেবারে বন্ধ করে দেয়। এতে করে টানা পাঁচ মাসের মতো সময় ধরে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।

ভাগ