স্টাফ রিপোর্টার ॥ যশোরে তুচ্ছ ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাত করেছেন একজন খাবার হোটেল শ্রমিক। আর এ ঘটনায় উল্টো হোটেল থেকে চাকরিচ্যুত করা হয়েছে আহত যুবকের মা কাকলী খাতুনকে। রবিবার বিকেলে যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরের খাবারের হোটেলে এ ঘটনা ঘটে।
হোটেল শ্রমিক কাকলী খাতুন জানান, তাদের বাড়ি শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরের মাসুদুর রহমানের হোটেলে কাজ করেন। হোটেল মালিক যশোর জজ আদালতের বিচারকের গাড়িচালক। রবিবার বিকেল ৩ টার দিকে তার (কাকলী) ছেলে ইমন হোসেন এসে মোবাইল ফোন কেনার জন্য ৮ হাজার টাকা দাবি করে। কিন্তু দামি মোবাইল ফোন কিনে দেবার সামর্থ না থাকায় তিনি তাকে টাকা দিতে অপরাগতা প্রকাশ করেন। এরই মধ্যে একই হোটেলের কর্মচারী ইউসুফ আলী অতি উৎসাহী হয়ে টাকা চাওয়ায় তার ছেলেকে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে ইউসুফ তার ছেলেকে ছুরিকাঘাত করেন। এতে তার ছেলের হাত রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে ইউসুফ তাকেও শাসান। পরে খবর পেয়ে মালিক মাসুদুর রহমান হোটেলে ছুটে আসেন। এ সময় তিনি কোনকিছু না শুনেই তাকে (কাকলী) চাকরিচ্যুত করে তাড়িয়ে দেন। তিনি চাকরি ফিরিয়ে দেয়ার জন্য কান্নাকাটি করলেও এতে মন গলেনি মালিকের। চাকরি হারিয়ে কাকলী খাতুন অসহায় হয়ে পড়েছেন।





