লোকসমাজ ডেস্ক॥ গতকাল বিভিন্ন জেলা উপজেলায় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল র্যালি ও আলোচন অনুষ্ঠান। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘বীমা দিবসে শপথ করি,উন্নত দেশ গড়ি’। বীমা দিবস পালনের বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় পৌরশহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে হয় আলোচনা সভা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আলাউদ্দীন প্রমুখ।
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে জাতীয় বীমা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এম রফিকুল ইসলাম, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেস কাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক। উপস্থিত ছিলেন জীবন বিমা কর্পোরেশনের প্রতিনিধি জাকির হোসেন হৃদয়, সিটি জেনারেল ইনস্যুরেন্স নওয়াপাড়া শাখার ম্যানেজার গাজী রেজাউল করিম, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের শাহীন হোসেন, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের মঈনুদ্দিন মোড়লসহ উপজেলার মোট ১১টি বীমা কোম্পানির এজেন্ট, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ জানান, জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ বীমা অফিসের কর্মকর্তা ও গ্রাহকরা র্যালিতে অংশ নেন। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজাসহসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, উন্নত দেশ গড়তে ও জান-মালের নিরাপত্তায় সকলকে বীমা করার আহ্বান জানান।
ফুলতলা (খুলনা) অফিস জানায়, ফুলতলা উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বেলা ১১ টায় র্যালি ও পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও পারভীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। বীমা কোম্পানি প্রতিনিধিদের মধ্যে বক্তৃতা করেন সন্ধানী লাইফের জয়নুল আবেদিন জুলু, পপুলার লাইফের বিষ্ণুপদ দাস, জীবন বীমার শিবপদ মল্লিক, ফারইস্টের মোস্তাফিজুর রহমান, শাহ আলম মল্লিক, মো. শাহীন হাসান, মো. আল আমিন সরদার প্রমুখ।
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, খুলনার পাইকগাছায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। প্রথম জাতীয় বীমা দিবস পালন উপলক্ষে পাইকগাছার ১০ টি বীমা কোম্পানি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিলো র্যালি ও আলোচনা সভা। এদিন সকালে বিভিন্ন বীমা কোম্পানি বর্ণাঢ্য র্যালি বের করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন একমাত্র বীমা কর্মকর্তা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের শাখার জেনারেল ম্যানেজার মো. ইসহাক আলী শেখ।
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা জানান, ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে খুলনার বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ১ম জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে । উপজেলা নির্বহী কর্মকর্তা নজরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা ও র্যালিতে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আশরাফুল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, মহিলা বিষায়ক কর্মকর্তা হাসি রানী রায়, সমবায় কর্মকর্তা জান্নাতুন্নেছা, উপজেলা প্রেস কাবের সভাপতি প্রতাপ ঘোষ প্রমুখ।
বাগেরহাট অফিস জানায়, “বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে প্রথম জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে স্বাধীনতা উদ্যানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এ সময় বাগেরহাটে কর্মরত বিভিন্ন বীমা কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন। মুজিববর্ষ উপলে এই প্রথম বাংলাদেশে বীমা দিবস উদযাপন করা হলো।





