স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের ধারাবাহিকতায় যশোর শিক্ষা বোর্ডে চালু হলো ই-অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যারের আপডেট ভার্সন। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন মেসেস সেন্ট করে এ নতুন আপটেড ভার্সনের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে মোল্লা আমীর হোসেন বলেন, বোর্ডের সেবা গ্রহীতাদের সেবা সহজীকরণের লক্ষ্যে ই-অফিস ম্যানেজমেন্ট আটডেট ভার্সনের উদ্বোধন করা হলো। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দেশের শিক্ষা বোর্ডগুলোর মধ্যে যশোর শিক্ষা বোর্ড একটি মডেল। ঢাকা-ময়মনসিংহসহ কয়েকটি শিক্ষা বোর্ডের ডিজিটাল পদ্ধতি যশোর শিক্ষা বোর্ড থেকে ‘সার্ভ’ করা হয়। এ বোর্ডের মতো এতো আপটেড ভার্সন অন্য কোন শিক্ষা বোর্ডে নেই।
তিনি আরও বলেন, ই-অফিস ম্যানেজমেন্ট আপডেট ভার্সন উদ্বোধনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে পরিশ্রম ও সময় কম লাগবে। আবার সেবা গ্রহীতাদের সেবার নিশ্চয়তা হবে। তাদের অর্থ খরচ করে শিক্ষা বোর্ডে এসে বসে থাকতে হবে না। শিক্ষা প্রতিষ্ঠান থেকেই সেবা পাওয়া যাবে। কর্তব্য কাজে কারো গাফিলতি হচ্ছে কি-না তাও জানা যাবে। শিক্ষা বোর্ডের গোটা বিভাগ একটি সফটওয়ারে সংযুক্ত থাকবে। ফলে কাজেও কেউ ফাঁকি দিতে পারবেন না। সকল শিক্ষা প্রতিষ্ঠানের আওয়ার সার্ভিস প্যানেল থেকে প্রয়োজনীয় তথ্যভিত্তিক প্রাতিষ্ঠানিক একটি ডাটাবেজ সংরক্ষণ করা হবে। আবেদনকারীর আবেদন করার সময় ডাটাবেজ সংরক্ষিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা যাবে। ভুল তথ্য সন্নিবেশিত করার সুযোগ থাকবে না।
শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এএমএইচ আলী আর রেজা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে কলেজ পরিদর্শক প্রফেসর কেএম গোলাম রব্বানী বক্তব্য রাখেন। স্কুল পরিদর্শন ড. শাহীন বিশ্বাস, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব হাসান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আহসান হাবীব, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, শিক্ষা বোর্ডের সিনিয়র অডিটর প্রফেসর মো. আব্দুস সালামসহ বিভিন্ন কলেজ স্কুলের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন।




