দিল্লিতে উগ্র ধর্মান্ধদের নারকীয় তাণ্ডবের প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব মানবতা বাঁচাও, সাম্প্রদায়িকতা-সম্প্রীতি রক্ষা কর এ শ্লোগানের আলোকে ভারতের দিল্লিতে উগ্র ধর্মান্ধদের নারকীয় তান্ডবের প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোট, যশোর মানববন্ধন করেছে। গতকাল বিকেলে যশোর শহরের গাড়িখানা রোডে বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ মানববন্ধন। সহিংসতা যাতে দেশে দেশে ছড়িয়ে না পড়ে সে জন্য বক্তারা উগ্র ধর্মান্ধদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণপূর্বক সহিংসতা দমনের আহ্বান জানিয়েছেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মের দোহাই দিয়ে এক ধর্মের মানুষ অন্য ধর্মীয় সম্প্রদায়ের ওপর নারকীয় তান্ডব চালাবে, এটা ধর্মীয় রীতি হতে পারে না। প্রত্যেক ধর্মগ্রন্থে মানুষের প্রতি মানুষের সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষার কথা বলা হয়েছে।  বক্তারা আরও বলেন, ভারতের দিল্লিতেই এক শ্রেণির ধর্মান্ধরা মুসলমান সম্প্রদায়ের ওপর যে নারকীয় তান্ডব চালাচ্ছে তা সভ্য সমাজের কাজ হতে পারে না। এ ঘটনায় বিশ্ব মানবতা ভুলুন্ঠিত হচ্ছে। যা সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষার চরম লংঘন। মানববন্ধনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. আমিনুর রহমান হিরু, জিল্লুর রহমান ভিটু, হাসিনুর রহমান, অ্যাড. মাহমুদ হাসান বুলু, দীপঙ্কর দাস রতন, অনুপ কুমার পিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।

ভাগ