মাসুদ রানা বাবু ॥ ১ম মার্চ ১৯৭১। বাংলাদেশের ইতিহাসে মার্চ মাস এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে। ১৯৭১ সালের এ মাসের প্রতিটি দিন হয়ে উঠেছিল অগ্নিঝরা আন্দোলনের দিন। পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্যাতন-নিপীড়ন থেকে মুক্তি পেতে জেগে ওঠে বাংলা মায়ের সাহসী সন্তানরা। পাকবাহিনীর সাথে পূর্ব বাংলার ছাত্র-জনতার সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে পূর্ব পাকিস্তান। শোষণের বিরুদ্ধে ও মুক্তির দাবিতে জনতার বিপ্লব রূপ নেয় স্বাধীনতার এক বিশাল আন্দোলন। এদিকে, একাত্তরের এই দিনে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বেতার মাধ্যমে ৩ মার্চের গণপরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ছাত্র-কৃষক-জনতা। আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন বাংলার দামাল ছেলেরা। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিসহ পূর্ব বাংলার মুক্তিকামী নেতাদের বলিষ্ঠ নেতৃত্বে যুগপত আন্দোলন এগিয়ে যেতে থাকে সামনের দিকে।





