দ্বিতীয় টেস্টেও ভারতের ব্যাটিং বিপর্যয়
লোকসমাজ ডেস্ক ॥ নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে চরম ব্যাটিং বিপর্যয়ে ভারত। ওয়েলিংটনে প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায় বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। ক্রাইস্টচার্চে চলমান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও ভারতের ব্যাটিং বিপর্যয়। শনিবার ক্রাইস্টচার্চের হেগলি ওভালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের তরুণ পেসার জেমিসনের গতির মুখে পড়ে ২৪২ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৫, ৫৪ ও ৫৪ রান করার সুযোগ পান হনুমা বিহারি, চেতেশ্বর পুজারা ও পৃথ্বি’শ। ৩ রানে আউট হন রিবাট কোহলি। এর আগে ওয়েলিংটন টেস্টে ২ ও ১৯ রানে আউট হয়েছিলেন ভারতীয় এ অধিনায়ক। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন জেমিসন। এর আগে ওয়েলিংটনে অভিষেক টেস্টে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। শনিবার দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬৩ রান সংগ্রহ করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। ২৭ ও ২৯ রানে অপরাজিত রয়েছেন দুই ওপেনার টম লাথাম ও টম ব্যান্ডেল।
পাকিস্তানে রাইলি রুশোর ঝড়ো সেঞ্চুরি
লোকসমাজ ডেস্ক ॥ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পঞ্চম আসরের ১২তম ম্যাচে শনিবার ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়েছেন মুলতান সুলতানের দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান রাইলি রুশো। সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে মাত্র ৪৪ বল খেলে ১০টি চার ও তিন ছক্কায় কাটায় কাটায় শতরান করেন রুশো। তার ১০০ রানের অনবদ্য ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৯৯ রানের পাহাগ গড়ে মুলতান সুলতান। চলতি আসরে কামরান আকমলের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছন রুশো। তবে পিএসলের পাঁচ আসরে সবমিলে সেঞ্চুরি হয়েছে ৭টি। তার মধ্যে কামরান আকমল একাই করেছেন তিনটি। বাকি চারটি করেন শারজিল খান, ক্যারেন ডেলপোর্ট, কলিন ইনগ্রাম ও রাইলি রুশো।
তবে চলতি আসরে সঞ্চুরির ঠিক কাছে গিয়েও শতরানের মাইলফলক স্পর্শ করতে পারেননি লাহোর কালান্দার্সের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। গত ২৩ ফেব্রুয়ারি ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৯৮ রানে অপরাজিত ছিলেন। শনিবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেন স্বাগতিক দলের অধিনায়ক শান মাসুদ। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৮ রানে ৩ উইকেট হারায় মুলতান সুলতান। এরপর চতুর্থ উইকেটে শান মাসুদকে সঙ্গে নিয়ে ১৩৯ রানের জুটি গড়েন রুশো। ৩২ বলে ৬টি চারের সাহায্যে ৪৬ রান করেন শান মাসুদ।
সংক্ষিপ্ত স্কোর : মুলতান সুলতান: ২০ ওভারে ১৯৯/৫ (রুশো ১০০*, শান মাসুদ ৪৬, জেমস ভিন্স)
অধিনায়কত্ব নিতে প্রস্তুত মুশফিক
লোকসমাজ ডেস্ক ॥ একসময় তিন ফরম্যাটেই অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম। পরে সব সংস্করণ থেকে সরে দাঁড়ান তিনি। প্রথমে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দলের দায়িত্ব নেন মাশরাফি বিন মুর্তজা। এরপর সাকিব আল হাসানের হাতে টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবমিলিয়ে নেতৃত্ব দেয়া থেকে বিরত থাকেন মুশফিক। কিন্তু এখন সেখানেই চলছে ক্রান্তিকাল। টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন ম্যাশ। ওয়ানডে থেকেও শিগগির অবসর নেবেন। নিষেধাজ্ঞার কারণে অভিজাত সংস্করণে নেই সাকিব। ব্যর্থ হচ্ছেন মাহমুদউল্লাহ। এ পরিস্থিতিতে আবারো অধিনায়ক হওয়ার ইচ্ছা পোষণ করেছেন মিস্টার ডিপেন্ডেবল। সম্প্রতি দেশের জনপ্রিয় বেসরকারি এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে মুশি বলেন, অধিনায়কত্বের ব্যাপারটা আমার হাতে নেই। এটা অনেক সম্মানের কাজ। সবারই স্বপ্ন থাকে নিজ দেশের হয়ে প্রতিনিধিত্ব করার এবং নেতৃত্ব দেয়ার। তবে এ সুযোগ প্রত্যেকের কাছে আসে না। তো সেরকম কোনো প্রস্তাব যদি ভবিষ্যতে আসে, তা হলে আমি ভেবে দেখব। মুশফিককে অবশ্য দলনায়কের দায়িত্ব দেয়ার ব্যাপারে বোর্ডের তরফ থেকে এখন পর্যন্ত কিছু শোনা যায়নি। তবে জিম্বাবুয়ে সিরিজ দিয়েই ক্যাপ্টেন হিসেবে মাশরাফির বিদায় হচ্ছে। এরপর দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে চায় বোর্ড। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন,ওয়ানডে সিরিজ নিয়ে এখনই চিন্তা করতে হবে। আবার অধিনায়কত্ব নিয়ে যদি বলেন, সেটাও এখন থেকে ভাবতে হবে। আমাদের এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। ২০১১-২০১৪ সাল পর্যন্ত মুশফিকের অধীনে ৩৭ ওয়ানডে খেলে বাংলাদেশ। জয়ের দেখা পায় ১১টি। একই সময়কালে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে দলকে নেতৃত্ব দেন তিনি। টাইগাররা জেতে ৮টি। সর্বোপরি, টেস্ট ক্রিকেটে তুলনামূলক লম্বা সময় ধরে ক্যাপ্টেনসি করেন মুশফিক। ২০১৭ সালে গুরুদায়িত্ব ছেড়ে দেয়ার আগে ৩৪টি টেস্টে অধিনায়কত্ব করেন তিনি। যার মধ্যে ৭টি জয় পায় বাংলাদেশ।
আমি কি চোর? প্রশ্ন মাশরাফির
লোকসমাজ ডেস্ক ॥ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আলোচনার তুঙ্গে ছিল অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার অবসর ভাবনা। আগামীকাল রোববার ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ। এই ম্যাচকে সামনে রেখে সাংবাদিকদের মুখোমুখি হন মাশরাফি। স্বভাবত শুরু থেকেই তার অবসর নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু মাশরাফি সাফ জানিয়ে দিলেন, তিনি যে সিদ্ধান্ত নেবেন-তা বোর্ডকেই জানাবেন। শনিবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অবসর নিয়ে এক প্রশ্নে খেপে যান মাশরাফি। নিজের পারফরম্যান্স নিয়ে আত্মসম্মানবোধের প্রশ্ন তোলায়, উল্টো সাংবাদিককে মাশরাফি বলেন, ‘আমি কি চোর?’ ‘আত্মসম্মানবোধ বা লজ্জা, আমি কি চুরি করি মাঠে? আমি কি চোর? খেলার সাথে লজ্জা আত্মসম্মান আমি মেলাতে পারি না। এত জায়গায় এত চুরি হচ্ছে, এত চামারি হচ্ছে তাদের লজ্জা নাই? আমি মাঠে এসে উইকেট না পেলে আমার লজ্জা লাগবে? আমি কি চোর। উইকেট আমি নাই-ই পেতে পারি, আমার সমালোচনা আপনারা করবেন, দর্শকরা করবেন, লজ্জা পেতে হবে কেন?-এভাবেই বলছিলেন মাশরাফি। বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের জার্সি গায়ে কোনো ম্যাচ খেলতে না নামলেও মাশরাফি বিন মোর্ত্তজা ওয়ানডে অধিনায়ক হিসেবে আছেন। ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডেতে বাংলাদেশকে শেষবারের মতো নেতৃত্ব দেবেন মাশরাফি। অল্প সময়ের মধ্যে ২০২৩ বিশ্বকাপকে কেন্দ্র করে নতুন অধিনায়ক ঘোষণা করবে বিসিবি। বিসিবি সভাপতির বক্তব্য তুলেই ওই প্রশ্ন করা হয়। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হবে। এই সিরিজ শেষে মাশরাফি যে অধিনায়কত্ব হারাচ্ছেন, তা এক প্রকার নিশ্চিত। যদি তাকে দলে খেলতে হয় তাহলে পারফরম্যান্স করেই খেলতে হবে, এমন কথা জানিয়েছিলেন পাপন। বিসিবিতে উপস্থিত সাংবাদিকদের নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নেব। সামনে যে বিশ্বকাপ আছে তার আগ মুহূর্তে তো অধিনায়ক ঘোষণা করতে পারব না। সেটার জন্য দল ও অধিনায়ক দুই বছর আগেই গড়ে ফেলব। আমার হাতে খুব বেশি সময় নেই।’ তিনি আরও বলেছিলেন, ‘এক মাসের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে নেব। অধিনায়ক আমরা ঘোষণা করে দেব। তবে খেলোয়াড় হিসেবে যদি দলে থাকতে হয় তাহলে পারফরম্যান্স করেই থাকতে হবে, দলে থাকার জন্য সব ক্রাইটেরিয়া পূরণ করতে হবে।’ বিসিবি সভাপতি মনে করেন, মাশরাফির এখন সিদ্ধান্ত নেওয়া উচিত আর কতদিন খেলবেন। মাশরাফিও আজ একই কথা জানিয়েছেন, যা সিদ্ধান্ত তিনি বোর্ডকেই জানাবেন। অধিনায়ক হিসেবে মাশারাফি ৮৫ ম্যাচ খেলে ৯৮ উইকেট নিয়েছেন। সর্বোচ্চ ২৯ রান দিয়ে পেয়েছেন চার উইকেট। ওভার প্রতি দিয়েছেন ৫ দশমিক ১২ রান। অধিনায়ক না থাকা অবস্থায় ১৩২ ওয়ানডেতে নিয়েছেন ১৬৮ উইকেট। সেরা বোলিং ফিগার ২৬ রান দিয়ে ছয় উইকেট। ওভার প্রতি দিয়েছেন ৪ দশমিক ৭১ রান করে। তার নেতৃত্বেই এক দিনের ক্রিকেটে বাংলাদেশ সাফল্য দেখেছিল। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলে বাংলাদেশ। আইসিসির কোনো আসরে এটাই বাংলাদেশের সেরা অর্জন।





