করোনাভাইরাস মোকাবিলায় প্রস্তুত আছে জাপা : জি এম কাদের

লোকসমাজ ডেস্ক ॥ চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে হানা দেয়া করোনাভাইরাস মোকাবিলায় জাতীয় পার্টির প্রস্তুতির কথা জানিয়ে দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি রূপে ছড়িয়ে পড়ছে। ঘনবসতি এবং দরিদ্র দেশ হিসেবে বাংলাদেশ সরকারকে আগাম প্রস্তুতি নিতে হবে। করোনাভাইরাস মোকাবিলায় জাতীয় পার্টি সরকারকে প্রয়োজনীয় সহায়তা করতে প্রস্তুত আছে।’ শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ ও পানির দাম না বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, “হঠাৎ করে বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো হচ্ছে ‘মরার ওপর খাঁড়ার ঘা’। ভর্তুকি কমাতেই বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু দেশের হতদরিদ্র মানুষের সুবিধার কথা বিবেচনা করেই তো সরকার ভর্তুকি দেয়। বিদ্যুতের মূল্যবৃদ্ধির সাথে উৎপাদন, পরিবহন ও মার্কেটিংয়ের খরচ বৃদ্ধি পায়। এতে পণ্যমূল্য বেড়ে যাবে অনেক। তাই বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধি না করে বিষয়টি পুনরায় বিবেচনা করতে পারে সরকার।” ‘এমনিতেই দেশের মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধিতে দিশেহারা, তাই বিদ্যুতের দাম বাড়ানো ঠিক হবে না,’- যোগ করেন তিনি। জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহীম খান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল মামুনের পরিচালনায় সভায় আরও বক্তৃতা করেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা শাহ-ই-আলম, ড. নুরুল আজহার শামীম, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মো. নোমান মিয়া, আবদুল হামিদ ভাসানী, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা প্রমুখ।

ভাগ