স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুরে ঋষিপল্লীতে মধ্যবয়সী এক বিধবাকে ধর্ষণ চেষ্টাকালে স্থানীয়দের হাতে ধরা পড়ে মারপিটের শিকার হয়েছেন নজরুল ফকির নামে এক ব্যক্তি। পরে তিনি কৌশলে পালিয়ে যান। ধর্ষণ চেষ্টার অভিযোগে শুক্রবার সকালে থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। নজরুল ফকির উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের মৃত সমির ফকিরের ছেলে। মনিরামপুর থানার ডিউটি অফিসার এএসআই রাজু আহমেদ জানান, পাঁচাকড়ির ঋষিপল্লীর এক বিধবা প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে ঘরের বারান্দায় একা শুয়ে ছিলেন। রাত দুইটার দিকে পাঁচাকড়ি গ্রামের নজরুল ফকির ওই বিধবাকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এসে নজরুলকে হাতে-নাতে আটকের পর মারপিট করেন। একপর্যায়ে নজরুল ফকির কৌশলে সেখান থেকে পালিয়ে যান। তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রতিবেশী জানান, কয়েকমাস ধরে বিধবার সাথে নজরুল ফকিরের বেশ সখ্য চলছিল। নেহালপুর ইউপি চেয়ারম্যান নজমুস সাদত জানান, তিনিও লোকমুখে শুনেছেন ওই বিধবার সাথে নজরুলের সম্পর্কের কথা। এদিকে ওই বিধবা শুক্রবার সকালে থানায় এসে নজরুল ফকিরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার লিখিত অভিযোগ করেন। ওসি (সার্বিক) রফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনি নিজে সরেজমিন তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেবেন।





