“ভারতের নির্যাতিত মুসলিমানদের রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান”

স্টাফ রিপোর্টার॥ ভারতের রাজধানী নয়াদিল্লিতে পরিকল্পিতভাবে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করা না হলে বিশ্বের মুসলমানদের নিয়ে ওই ঘটনায় সমুচিত জবাব দেয়া হবে। মুসলমানদের ইমানী শক্তিতে ভারতের নরপিশাচরা গঙ্গার পানিতে ভেসে যাবে। নেতৃবৃন্দ বলেন, ইসলাম হলো শান্তি ও মানবতার ধর্ম। মুসলমানরা কোনদিনই অন্য ধর্মের লোকদের ওপর আক্রমণ করে না। কিন্তু ভারতে নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের কারণে দেশটির সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের ওপর নির্মম হত্যাযজ্ঞ চলছে। ইতিমধ্যে প্রায় ৩৪ জন ব্যক্তি নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়ে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন। বিশেষ করে দিল্লিসহ বিভিন্ন অঞ্চলে মুসলমানদের মসজিদ, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগানো হচ্ছে। মসজিদের মিনারগুলোতে হিন্দু ধর্মীয় প্রতীক গেরুয়া পতাকা স্থাপন করা হচ্ছে। নতুন করে সেখানে মুসলমান সম্প্রদায়ের ওপর এসিড নিক্ষেপ করা হচ্ছে। আর এই ঘটনার প্রকাশ্য মদদদাতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুুগে যুগে নমরুদ ফেরাউনদের পরাজয় হয়েছে মুসলমানদের ইমানি শক্তির কাছে। ভারত সরকারও পরাজয় বরণ করবে মুসলমানদের ইমানি শক্তির কাছে। নেতৃবৃন্দ ভারতের নির্যাতিত মুসলমানদের রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশে জেলা ইমাম পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা আব্দুল কাদের মান্নান। সেক্রেটারি মাওলাা বেলায়েত হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা নাজির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, প্রচার সম্পাদক মুফতি আমানুল্লাহ কাসেমি প্রমুখ। সমাবেশ শেষে যশোরের হাজার হাজার তৌহিদি জনতা শহরে বিক্ষোভ মিছিল করেন।

ভাগ