স্টাফ রিপোর্টার॥ যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন চলছে শ্রীরামকৃষ্ণদেবের ১৮৫তম জন্মতিথি উপলক্ষে তিন দিনব্যাপী বার্ষিক উৎসব। গতকাল বুধবার উৎসবের দ্বিতীয় দিনে নানা কর্মসূচি পালিত হয়। এদিন বিকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার রাজেশ কুমার রাইনা, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ ও বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নি সাহা। রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সম্পাদক স্বামী আত্মবিভানন্দ, যশোর সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক দীপ্তি মিত্র প্রমুখ। এর আগে দুপুর ১টায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ, বেলা ২টায় পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ভক্তগীতি পরিবেশিত হয়। পরে রাতে ঢাকার বিবেকানন্দ থিয়েটার নাট্যদলের পরিবেশনায় শ্রীরামকৃষ্ণের মাতৃদর্শন নামের একটি নাটক মঞ্চস্থ হয়।





