লোকসমাজ ডেস্ক॥ যুব মহিলা লীগের আর কোন কোন নেত্রী অপকর্মে জড়িত তার খোঁজ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরসিংদী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ওরফে পিউ গ্রেফতারের পর এমন নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। বুধবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল দেখা করতে গেলে তিনি এ নির্দেশ দেন। নাজমা আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হযেছে। তিনি আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সারা দেশে যুব মহিলা লীগের নেতাকর্মীদের খোঁজ নিতে। কারা কারা অপকর্মে জড়িত তা খুঁজে বের করতে। প্রধানমন্ত্রী বলেছেন, যারা অপকর্মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এ ছাড়া গোয়েন্দা রিপোর্ট দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। মাদক-অস্ত্র চোরাচালান, জমি দখল ও হোটেলে নারীদের দিয়ে যৌন বাণিজ্যসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে শনিবার ঢাকা বিমানবন্দর থেকে পাপিয়া, তার স্বামী মফিজুর রহমান সুমন ওরফে সুমন চৌধুরী এবং তাদের দুই সহযোগীকে গ্রেফতার করে র্যাব। র্যাবের প থেকে বলা হয়, অত্যন্ত বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত পাপিয়া গুলশানের ওয়েস্টিন হোটেলের ‘প্রেসিডেনশিয়াল স্যুইট’ ভাড়া নিয়ে ‘অসামাজিক কার্যকলাপ’ চালিয়ে যে আয় করতেন, তা দিয়ে হোটেলে বিল দিতেন কোটি টাকার উপরে। গ্রেফতার হওয়ার পর পাপিয়াকে এরইমধ্যে বহিষ্কার করেছে যুব মহিলা লীগ।





