শৈলকুপায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত চালক আটক

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের শৈলকুপায় ইজিবাইকের ধাক্কায় সামিয়া (৮) নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটে বুধবার দুপুরে উপজেলার আবাইপুর ইউনিয়নের লক্ষণন্দিয়া গ্রামে। নিহত সামিয়া গ্রামের লুৎফর রহমানের কন্যা ও লক্ষণন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। এ সময় এলাকাবাসী ইজিবাইক চালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ইজিবাইক চালক ফরিদুল ইসলামের বাড়ি কুমড়িয়াদহ গ্রামে। এলাকাবাসী জানান, সামিয়া বাড়ি থেকে টিফিন খেয়ে স্কুলে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এ সময় সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, শৈলকুপার আবাইপুর ইউনিয়নের লক্ষণন্দিয়া গ্রামে ইজিবাইকের ধাক্কায় সামিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইজিবাইকের চালককে আটক করা হয়েছে ।

ভাগ