যশোরে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট মামলা আরেক পুলিশ সদস্য কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেটে চাকরি গ্রহণের মামলায় আরেক পুলিশ কনস্টেবল মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেছেন। দেবাশীষ কুমার বিশ্বাস নামে ওই পুলিশ কনস্টেবল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় বিচারক তাকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। পুলিশ কনস্টেবল দেবাশীষ কুমার বিশ্বাস যশোর সদর উপজেলার নরসিংহকাঠি গ্রামের সাধন বিশ্বাসের ছেলে। তিনি ঢাকায় এসপিবিএনে কর্মরত ছিলেন। তার কনস্টেবল নম্বর ১৩৪৯২।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৫ মার্চ যশোর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় দেবাশীষ কুমার বিশ্বাস মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ কনস্টেকবল পদে নির্বাচিত হন। এরপর ট্রেনিং শেষে তাকে ঢাকার এসপিবিএনে পোস্টিং দেওয়া হয়। কিন্তু তার দেওয়া ‘মুক্তিযোদ্ধার সার্টিফিকেট’ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হলে সেটি ভুয়া বলে প্রমাণিত হয়। ফলে ভুয়া মুুক্তিযোদ্ধার সার্টিফিকেটে চাকরি গ্রহণের অভিযোগে দেবাশীষ কুমার বিশ্বাসের বিরুদ্ধে গত ৩০ ডিসেম্বর যশোর পুলিশ লাইন্সের আরওআই এম মসিউর রহমান কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলায় মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন দেবাশীষ কুমার বিশ্বাস। উল্লেখ্য, একই ঘটনায় বিভিন্ন ইউনিটের কর্মরত ১৪ জন পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গত ৩০ ডিসেম্বর কোতয়ালি থানায় পৃথক চারটি মামলা দায়ের হয়। এর মধ্যে একজন আটক হয়েছেন। একজন নারী কনস্টেবল আদালত থেকে জামিন নিয়েছেন। এছাড়া দেবাশীষের আগে গত ২৩ ফেব্রুয়ারি চারজন কনস্টেবল আদালতে আত্মসমর্পণ করে বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

ভাগ