লোহাগড়ায় বাড়ি ভাঙচুর লুটপাট হামলায় দুই নারীসহ আহত ৩

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখার চর গ্রামে প্রতিপক্ষরা মুক্তিযোদ্ধা হাশেম আলী সরদারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত হয়েছেন তার ছেলে লেলিন সরদারসহ(৪৭) দুই নারী। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের পাংখার গ্রামে গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে ওই এলাকার সাদেক শেখ, কামাল শেখ. বাদশা শেখ, হাসান শেখ, মিল্টন শেখ, আইয়ুব শেখ, মিটুল শেখ, মতি শেখ, মহি শেখ, খসরু শেখ, করিম শেখ, সজিব শেখ, দিদার মোল্যা মুক্তিযোদ্ধা হাশেম আলী সরদারের বাড়িতে চড়াও হয়। তারা বাড়ির মহিলাদের গালিগালাজ করলে হাশেম আলীর ছেলে লেলিন সরদার প্রতিবাদ করেন। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এর পর ওই বাড়িতে লুটপাট ও ভাঙচুর করা হয়।
হাশেম আলীর অপর ছেলে সেলিম সরদার অভিযোগ করেন, সন্ত্রাসীরা ভাঙচুরের সময় ঘর থেকে ২লাখ ২০ হাজার টাকা ও প্রায় ১ লাখ ১০ হাজার টাকার স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। তিনি আরও জানান, গত ৩০ ডিসেম্বর তিনি তার মেয়ে খাদিজার মৃত্যুর ঘটনায় চরঘোনাপাড়া গ্রামের কামাল শেখের ছেলে সাব্বির শেখ ওরফে ইমাম শেখসহ পাংখারচর গ্রামের সজিব শেখের নামে লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলা দায়েরের পর থেকে আসামিরা তাকে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছিল। গত সোমবার সন্ত্রাসীরা তার ভাইয়ের ওপর হামলা চালায় ও বাড়ির নারীদের গালিগালাজসহ মারধর করে। হামলার সময় তার স্ত্রী জোসনা বেগম(৩৫) ও লেলিনের স্ত্রী পলি বেগম(৩০) আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। আর লেলিনকে গুরুতর জখম অবস্থায় লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, হামলা ও মারধরের অভিযোগ শুনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবো।

ভাগ