চৌগাছায় দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে জনজীবনে চরম দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় মঙ্গলবার দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাতের কারণে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে। সকাল সাড়ে ৮ টা হতে শুরু হয় বৃষ্টি। বেলা বাড়ার সাথে সাথে এর মাত্রাও বাড়তে থাকে। সারা দিনই মানুষ সূর্যের দেখা পাননি। হঠাৎ বৃষ্টিপাতের ফলে কর্মজীবী মানুষ চরম বিপাকে পড়েন। গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে পাকা সড়কগুলো কাদা-পানিতে একাকার হয়ে যায়। সড়কের এই বেহালদশার জন্য ইটভাটার মালিকরা দায়ী বলে মন্তব্য করেন পথচারীরা।
মঙ্গলবার সকাল থেকেই চৌগাছার আকাশ ছিল মেঘে ঢাকা। খুব সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় গোটা উপজেলা। সকাল সাড়ে ৮ টার দিকে শুরু হয় বৃষ্টি, যা বেলা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে। মাঝ ফাল্গুনে এসে হঠাৎ বৃষ্টিপাতের কারণে মানুষ বেশ সমস্যায় পড়েন। এদিন বাড়ি থেকে বের হয়ে অনেককেই চরম বিপাকে পড়তে হয়েছে। গত কয়েক মাস কোন বৃষ্টিপাত না হওয়ায় সড়কের উপর মাটির চর পড়ে যায়। বৃষ্টিতে সেই মাটি পিচ্ছিল কাদায় পরিণত হয়। পাকা সড়কের এই ভয়াবহ পরিস্থিতির জন্য উপজেলার ইট ভাটাগুলোর মালিকরাই দায়ী বলে মন্তব্য করেন পথচারীরা।  পথচারী গোলাম হোসেন জানান, শুষ্ক মৌসুমে পাকা সড়কগুলো ইটভাটার ট্রাকের দখলে থাকে। ওইসব ট্রাক মাটি নিয়ে বেপরোয়া গতিতে চলতে থাকে সড়কগুলোতে। প্রতিদিনই মাটি পড়তে পড়তে পাকা সড়ক দেখে বোঝার উপায় থাকে না এটি পাকা না কাঁচা। এখন বৃষ্টির কারণে সড়কের উপর জমে থাকা মাটি কাদায় রুপ নিয়েছে, পিচ্ছিল হয়ে গেছে প্রতিটি সড়ক। যে কারণে মোটরসাইকেল, ভ্যান, বাইসাইকেল স্লিপ করে দুর্ঘটনার কবলে পড়েছেন মানুষ।

ভাগ